×
Logo

খেলাধুলা

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোটরসাইকেলের যন্ত্রাংশ (পার্টস) চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার ব্যস্ততম পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন আগে গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান শেখের একটি মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ পার্টস চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় প্রতিবেশী গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকেলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্ত তুহিন ও হাসানকে পেয়ে পার্টস চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা নিজেদের গ্রাম গওহরডাঙ্গার পাশাপাশি পার্শ্ববর্তী শ্রীরামকান্দি গ্রাম থেকেও তাদের পক্ষাবলম্বনকারী লোকজনকে মুঠোফোনে ডেকে আনে। অল্প সময়ের মধ্যেই গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের বেশ কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে জড়ো হয়ে গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের ওপর চড়াও হয়।

এর পরপরই উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পাওয়ার পরপরই টুঙ্গিপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

/এএ 

Logo