×
Logo

খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। আর সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও থাকছে এক আবেগঘন প্রত্যাবর্তন। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অধিনায়ক মেসিকে ঘিরে পুরোনো সতীর্থদের নিয়েই একাদশ সাজাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

গোলবারে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে দেখা যেতে পারে। ডান প্রান্তে আগুস্তিন গিয়াইয়ের খেলার সম্ভাবনা বেশি। কারণ নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞায় রয়েছেন এবং গনজালো মন্ট্রিয়েল এই ম্যাচের জন্য দলে ডাক পাননি।

বাম প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর খেলার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে পারে। চোটের কারণে আগের দুই প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। সে ক্ষেত্রে ওই জায়গায় ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে।

মাঝমাঠে ফিরছেন রদ্রিগো দি পল। আগের দুই ম্যাচের দলে না থাকলেও মেসির বিদায়ী ম্যাচে তাকে একাদশে রাখার পরিকল্পনা স্কালোনির। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগে অবশ্যই থাকছেন মেসি। তার সঙ্গে শুরু থেকে মাঠে নামার সম্ভাবনা লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের।

সব মিলিয়ে মেসির শেষ ম্যাচের একাদশে স্কালোনি এমন একটি দল সাজাতে যাচ্ছেন, যেখানে পুরোনো দিনের সঙ্গীরাই থাকবেন বেশি। বিশ্বকাপজয়ী সেই প্রজন্মের কয়েকজনকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের মহাতারকা।

বেনিনের বিপক্ষে সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

/এমএমএইচ

খেলা থেকে আরও পড়ুন

ধন্যবাদ জাদুকর

Logo