আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের আগে রেকর্ডের পাহাড় গড়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায়ের শেষটা যেন রেকর্ডেরই গল্প। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিদায়ের মুহূর্তে তার নামের পাশে এমন কিছু রেকর্ড রয়েছে, যেগুলো ভাঙা খুব কঠিন।
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি মেসির দখলে। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন দেশটির কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে, যার গোল ছিল ৫৬টি। প্রতি ম্যাচে মেসির গোলের গড় ০.৬০। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে তার সবচেয়ে কাছাকাছি আছেন লাওতারো মার্তিনেজ। তার গোল সংখ্যা ৪২।
শুধু গোল নয়, আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির। ২০৭ ম্যাচ নিয়ে তিনি সবার ওপরে। তার পরে রয়েছেন হ্যাভিয়ের মাসচেরানো। তিনি খেলেছন ১৪৭ ম্যাচ। অ্যাঞ্জেল ডি মারিয়া ও হাভিয়ের জানেত্তি খেলেছেন ১৪৫টি করে এবং নিকোলাস ওতামেন্ডির খেলা ম্যাচের সংখ্যা ১৩৯।
বিশ্বকাপেও মেসির রেকর্ডের শেষ নেই। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ছয় বিশ্বকাপে ২১ গোল করেছেন মেসি। তার পেছনে গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল ১০টি। গিয়ের্মো স্তাবিলে ও দিয়েগো ম্যারাডোনা করেছেন আটটি করে।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির। তার নামের পাশে রয়েছে ৩৪টি ম্যাচ। সেখানে ম্যারাডোনা খেলেছেন ২১টি এবং মাসচেরানো ২০টি ম্যাচ।
আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও মেসি রেখে যাচ্ছেন অনন্য এক রেকর্ড। কনমেবল অঞ্চলের বাছাইয়ে তার গোল ৩১টি। একই সংখ্যক গোল নিয়ে এই রেকর্ডে তার সঙ্গে আছেন তার বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ।
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি শুধু শিরোপাই জেতেননি, গড়ে গেছেন এমন কিছু রেকর্ডও, যেগুলো তার বিদায়ের পরও দীর্ঘদিন আর্জেন্টিনার ফুটবলে আলোচনার কেন্দ্র হয়ে থাকবে।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস
/এমএমএইচ