মেসির সঙ্গ পাওয়া ও তার সঙ্গে খেলার মধুর স্মৃতিচারণ মাস্তানতুয়োনোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
ড্রেসিংরুম শেয়ার কিংবা মাঠে দেশের হয়ে একসাথে খেলা— খুব বেশি সময় মেসির সঙ্গ পাননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে মহাতারকার সঙ্গে দেখা হওয়াতেই যেন পূরণ হয়ে গেছে তার এক জীবনের এক রাশ স্বপ্ন। কিংবদন্তি লিওর সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো বড় আনন্দের উপলক্ষ হয়ে ধরা দিয়েছে তরুণ এই ফরোয়ার্ডের কাছে।
মেসি সম্পর্কে মাস্তানতুয়োনো বলেন, 'আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল মেসির সঙ্গে খেলা। আমি কখনও ভাবিনি সত্যিই সেটা পূরণ করার সুযোগ পাব। আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। যেদিন আমি অনুশীলন ক্যাম্পে ঢুকে তাকে দেখলাম, সেদিন আমার সারা জীবনের একটি স্বপ্ন সত্যি হলো। তার সঙ্গে যত কম সময়ই হোক না কেন, এমনকি একটি মুহূর্তও ভাগ করে নিতে পারা আমার জন্য অনেক বড় বিষয় এবং এটা আমাকে ভীষণ আনন্দিত করে।'
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে লোনে এই মৌসুমে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় খেলছেন মাস্তানতুয়োনো। ১৯ বছর বয়সী উইঙ্গারকে অনেকেই দেখেন আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ হিসেবে। আর্জেন্টিনা নিজেদের সবশেষ ম্যাচে বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ ব্যবধানে জয় পেয়েছে। সেই ম্যাচে গোল পেয়েছেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি। মাস্তানতুয়োনো নিশ্চিত, সবাই মিলে রাঙিয়ে রাখবেন দিনটা।
/এমএইচআর