পিনার সুপার হ্যাটট্রিক, নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম
স্পেনে নারীদের শীর্ষ লিগ লিগা এফ-এ রিয়াল মাদ্রিদ নারী দলের জালে ৭ গোল দিয়েছে বার্সেলোনা নারী দল। দলের বিশাল জয়ে একাই ৪ গোল করেছেন ক্লাউদিয়া পিনা।
রোববার (৪ অক্টোবর) রাতে ক্যাম্প ন্যুয়ে রিয়ালকে আতিথ্য দেয় কাতালানরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্লাউদিয়া পিনা। এরপর রিয়ালের ওপর ঝড় তোলেন এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। মাত্র চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে বার্সেলোনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। বিরতির আগেই নিজের চতুর্থ গোল করেন পিনা। ৪৪ মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও রিয়ালের দুর্ভোগ কমেনি। ৫৫ মিনিটে এভা পায়োর গোলের পর ব্যবধান দাঁড়ায় ৬-০। ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে সিডনি শেরটেনলেইবের গোলে বার্সেলোনা পায় ৭-০ গোলের বিশাল জয়।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৮টি অফিসিয়াল ম্যাচের ২৭টিই জিতল বার্সেলোনার মেয়েরা। এই ম্যাচগুলোয় ১১৪ গোল করার বিপরীতে তারা হজম করে কেবল ১৩টি। এবারের লিগে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে রিয়াল।
/এমএইচআর