যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৭ বছর ৫ বছর বয়সে এ মাইলফলক তৈরি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
এদিন ম্যাচের ৬২তম মিনিটে মেক্সিকান গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়ে দারুণ চিপে গোল করেন সুলিভান। তার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-০ গোলে।
নিজের প্রথম আন্তর্জাতিক গোলকে স্বপ্নপূরণের মুহূর্ত হিসেবে দেখছেন সুলিভান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আপনি যখন তিন, চার, পাঁচ কিংবা ছয় বছর বয়স থেকে এমন মুহূর্তের স্বপ্ন দেখেন, তখন এটি সত্যিই অবিশ্বাস্য। আমি শুধু গত কয়েক ঘণ্টা নয়, সারা জীবন এই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’
এসময় নিজের পরিবার এবং কোচদের প্রতিও কৃতজ্ঞতা জানান সুলিভান, ‘আমার পরিবার ও আমার জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। এমন সুযোগ পাওয়া সত্যিই সম্মানের। কোচরা আমার ওপর আস্থা রেখেছেন এবং এই সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলের অনুভূতি নিয়ে সুলিভান বলেন, ‘সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে যায়। শুধু মনে আছে, বলটা চিপ করেছিলাম। আশা করছিলাম, ক্রসবারে লাগবে না বা ওপর দিয়ে চলে যাবে না। বলটা যখন আকাশে ছিল, তখন একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল।
মেক্সিকোর বিপক্ষে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ। সুলিভানকে ‘যোদ্ধা’ উল্লেখ করে তিনি বলেন, বল পায়ে তরুণ এই ফুটবলারের দক্ষতা অসাধারণ এবং তার মতো খেলোয়াড় দলে থাকা যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর।
ক্লাব ফুটবলেও এরই মধ্যে ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ। মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করে ফ্রেডি আদুর রেকর্ড ভেঙেছিলেন তিনি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সুলিভান শেষ আট এমএলএস ম্যাচে করেছেন ছয় গোল, সঙ্গে আছে আটটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে ফিলাডেলফিয়া ইউনিয়ন টানা ১২ ম্যাচ অপরাজিত থেকেছে, যা ক্লাবটির রেকর্ড।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ সর্বশেষ ৮ ম্যাচে করেছেন ৬ গোল, সঙ্গে ৮ অ্যাসিস্ট। লিওনেল মেসিকে পেছনে ফেলে হয়েছেন সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার।
/এমএইচআর