×
Logo

খেলাধুলা

রোনালদো পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

রোনালদো পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের স্কোয়াড ছাড়ায় চারদিকে যখন তর্ক-বিতর্কের ঝড় বইছে ঠিক তখনই সতীর্থের পাশে দাঁড়ালেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যা-ই ঘটুক না কেন, সিআরসেভেনই থাকবেন পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক। সেই সাথে সমর্থকদের বিভক্ত না হওয়ার আহ্বানও জানিয়েছেন এই মিডফিল্ডার।

এই মুহূর্তের হট টপিক— মাঠের পারফরম্যান্স নাকি আত্মসম্মান? ৪১ বছর বয়সে এসে যেন নতুন এক নাটকের জন্ম দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোচ জর্জে জেসুসের শুরুর একাদশে জায়গা না পাওয়ার ক্ষোভে ডেনমার্ক ম্যাচের আগেই জাতীয় দলের ক্যাম্প ছাড়েন আন্তর্জাতিক ফুটবলের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সিআরসেভেনকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালেও ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে স্পষ্ট বিভাজন।

বিতর্কের এই ঝড় সামলাতে সংবাদ সম্মেলনে হাজির হন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। দেশকে বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়ে সতীর্থ রোনালদোর অবদানকে স্মরণ করিয়ে দেন তিনি।

ব্রুনো ফার্নান্দেস বলেন, 'যে ঘটনাই ঘটুক না কেন, রোনালদো পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় প্রতীক ছিলেন এবং থাকবেন। শুধু পর্তুগাল নয়, বিশ্ব ফুটবলে তার যে অবদান, সে জন্য তিনি সবার শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমাদের মাঝে কোনো বিভেদ নেই, দেশের মানুষকেও বিভক্ত না হওয়ার অনুরোধ করছি।'

এদিকে কোচ এবং খেলোয়াড় ইস্যুতেও উঠেছে নানা প্রশ্ন। তবে আপাতত রোনালদো বিতর্ক সরিয়ে মাঠের খেলায় নজর দিতে চান ৭২ বছর বয়সী পর্তুগিজ কোচ জর্জে জেসুস। তিনি বলেন, 'আমার সমস্ত মনোযোগ এখন কেবল রোববারের ম্যাচ নিয়ে। ওরা ইউরোপের সেরা দলগুলোর একটি। রোনালদোকে নিয়ে যা বলার, তা ম্যাচের পরেই বলব।'

মাঠের লড়াইয়ে পর্তুগাল জয় ধরে রাখতে পারলেও, জাতীয় দলে রোনালদোর এই প্রস্থান শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেকের পর দেশের জার্সিতে ২৩০টিরও বেশি ম্যাচ খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬টি গোলের কীর্তিও এই পর্তুগিজ সুপারস্টারের।

/এমএইচআর

Logo