×
Logo

খেলাধুলা

৩য় ওয়ানডে

হোপের মহাকাব্যিক ইনিংসে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:১০ এএম

হোপের মহাকাব্যিক ইনিংসে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপের অপরাজিত ১৬২ রানের সুবাদে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে সফররতরা।

শনিবার (৩ অক্টোবর) নিউ চন্ডিগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৪ রানে আউট হন অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলি। এরপর রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড় ১৩৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। রোহিত ৯২ রুতুরাজ ৫৭ রান করেন।

শেষ দিকে ঝড় তোলেন লোকেশ রাহুল। ৮৭ বলে ১০ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১২৯ রান করেন তিনি। এটি রাহুলের নবম ওয়ানডে সেঞ্চুরি এবং এই সংস্করণে তার সর্বোচ্চ। রাহুলের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত।

জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের সঙ্গে আমির জাঙ্গুর ৬৭ রানের জুটি দলকে এগিয়ে দেয়। পরে হোপকে সঙ্গ দেন কিমো পল। শেষ পর্যন্ত হোপের ১৬২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটা ছিল ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের দেওয়া ৩২৮ রানের লক্ষ্য ১৩ বল বাকি রেখে টপকে গিয়েছিল ক্যারিবীয়রা।

এতে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা হলো না ভারতের। শুভমান গিলের দল সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

/এমএইচআর

Logo