×
Logo

খেলাধুলা

টি-টোয়েন্টিতে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের প্রিটোরিয়াস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম

টি-টোয়েন্টিতে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের প্রিটোরিয়াস

ক্রিস গেইলের ১৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। টাইটান্সের হয়ে নাইটসের বিপক্ষে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি এই ওপেনার।

শুক্রবার (২ অক্টোবর) ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ফিফটি এবং ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর ৫৮ বলে দেড়শ রানে পৌঁছে যান এই তরুণ ব্যাটার।

শেষ পর্যন্ত ৭৯ বলে ১৫টি চার ও ১৩টি ছক্কায় ১৮৮ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭। মাত্র ১২ রানের জন্য পুরুষদের টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ হাতছাড়া করেন তিনি।

এর আগে, ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। দীর্ঘ ১৩ বছর সেটিই ছিল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

প্রিটোরিয়াসের ১৮৮ রানের ইনিংসটি পুরুষদের টি-টোয়েন্টিতে বল খেলার হিসাবেও দীর্ঘতম ইনিংসগুলোর একটি। ৭৯ বল খেলে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

তরুণ ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে টাইটান্স ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২২ সালে নাইটসের বিপক্ষে টাইটান্সের ৩ উইকেটে ২৭১ রান এখনো প্রতিযোগিতাটির সর্বোচ্চ দলীয় স্কোর।

এদিন আরও একটি রেকর্ড নিজের করে নেন প্রিটোরিয়াস। ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রান ছাড়িয়ে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হন তিনি।

২০২৬-২৭ মৌসুমে নিজের প্রথম ম্যাচেই এমন রেকর্ড গড়লেন প্রিটোরিয়াস। এর আগে সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে আগের দুই ম্যাচে তার রান ছিল ৯৪ ও ১০১।

এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। তবে টি-টোয়েন্টিতে ৯১ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার। এই ফরম্যাটে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৫০.৪৪।

গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে মাত্র ২০ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে গেলেন প্রিটোরিয়াস।

/এনএ 

Logo