উয়েফা নেশনস লিগ
রোনালদোকে ছাড়াই জয়, পর্তুগালের তিনে তিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ এএম
রোনালদোকে ছাড়াই আরও একটি দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে জর্জ জেসুসের দল। এতে টানা তৃতীয় জয় পেলো লিয়াও-ফেলিক্সরা।
পার্কেন স্টেডিয়ামে ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎ চলে যাওয়ায় তৈরি হয় নানা জল্পনা। তবে মাঠে তার কোনো প্রভাব পড়তে দেয়নি পর্তুগিজরা। ১৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। পরে দামসগার্ডের বাঁকানো শটে ডেনমার্ক সমতায় ফিরলেও গনসালো রামোসের গোলে আবারও লিড নেয় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে রাসমুস হইলুন্দের গোলে সমতা ফেরায় ডেনমার্ক। এরপর ভিতিনিয়ার হেডে ৩-২ এবং শেষ দিকে বদলি জোয়াও ফেলিক্সের গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে পর্তুগাল।
কোচ জর্জ জেসুসের অধীনে এটি পর্তুগালের টানা তৃতীয় জয়। রোনালদোকে ঘিরে মাঠের বাইরে যতোই আলোচনা-সমালোচনা চলুক, মাঠে জেসুসের দল তা থোড়াই কেয়ার করছে।
/এএম