ফিফা আসিয়ান কাপ
প্রথমার্ধেই বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার হাফ ডজন গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পাওয়ার আর কিছুই বাকি ছিল না, তবে বিদায়বেলায় সঙ্গী হলো চরম লজ্জা ও হতাশা। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার আক্রমণের তোপে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে লাল-সবুজের দল। ইন্দোনেশিয়ার গোলবন্যার সামনে পুরোপুরি দিশেহারা বাংলাদেশ প্রথমার্ধেই হজম করেছে ৬ গোল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ঐতিহাসিক বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা।
ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইন্দোনেশিয়া। ওলে রমনির ব্যাক পাস থেকে বল পেয়ে প্রথম স্পর্শেই লক্ষ্যভেদ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএল লিগ টুতে খেলা ফরোয়ার্ড মিচেল বেকার। কিছুক্ষণের মধ্যে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে শাহরিয়ার ইমনের বাড়ানো চমৎকার পাসে শমিত সোম নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে সুযোগটি হাতছাড়া হয়।
সেই আক্রমণ প্রতিহত করে দ্রুত পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। ২০তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষকের প্রথম সেভ এবং জায়ান আহমেদের ব্লকের পরও বক্সের জটলার ভেতর থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন বেকার।
এরপর বাংলাদেশের রক্ষণকে নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করে ইন্দোনেশিয়া। ম্যাচের ৩১তম মিনিটে রিজকি রিদোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ম্যাচের ৩৬তম মিনিটে শাহরিয়ার ইমন এক গোল শোধ করে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম গোলের খাতা খোলেন।
তবে সেই স্বস্তি এক মিনিটও স্থায়ী হয়নি। ৩৭তম মিনিটে রমনির কাট-ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন বেকার। গোলের নেশায় মত্ত এই ফরোয়ার্ড ৪২তম মিনিটে চমৎকার হেডে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন।
প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে বাংলাদেশের জালে আরও একটি পেরেক ঠোকে স্বাগতিকরা। গোলরক্ষক মেহেদীর সেভের পর পাওয়া কর্নার থেকে উড়ে আসা বলে জোরালো হেডে জাস্টিন হাবনার বল জালে জড়ালে ৬-১ গোলে পিছিয়ে থেকে চরম বিপর্যয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের বাকি সময়ে কতটা সম্মান ধরে রাখতে পারবে বাংলাদেশ এখন দেখার বিষয়।
/এনএ