দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলের সমার্থক শব্দ হয়ে ছিলেন লিওনেল মেসি। সেই কিংবদন্তিকে ছাড়াই এক নতুন যুগের সূচনা করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির অবসর ঘোষণার পর নিজেদের প্রথম ম্যাচেই পুরোনো আগ্রাসী ছন্দে দেখা গেল আলবিসেলেস্তেদের। মাঠে নেমেই বলিভিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
কর্ডোবায় অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল উৎসবে নাম লেখান লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধেও বলিভিয়ার জালে আরও দুবার বল জড়ায় স্বাগতিকরা।
আগামী মঙ্গলবার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে মেসির বিদায় নেওয়ার কথা থাকলেও, তার আগেই দ্যুতি ছড়ালেন তরুণ সেনসেশন নিকো পাজ। মেসিহীন শুরুর পরীক্ষায় স্কালোনির শুরুর একাদশেই সুযোগ পান তিনি। মাঠে নেমে নজরকাড়া একটি দর্শনীয় গোল করার পাশাপাশি ক্রিস্টিয়ান রোমেরোর গোলে নিখুঁত অ্যাসিস্টও করেন এই তরুণ আর্জেন্টাইন সেনসেশন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক প্রেসিংয়ে বলিভিয়াকে কোণঠাসা করে রাখে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে প্রথম বিপজ্জনক আক্রমণেই গোলের দেখা পায় তারা। নিচু ও জোরালো শটে বলিভিয়ার গোলরক্ষক গুইলার্মো ভিসকারাকে পরাস্ত করে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ।
২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এক্সেকিয়েল পালাসিওসের বাড়ানো নিখুঁত পাসে চমৎকার সময়ে দৌড়ে বলের নিয়ন্ত্রণ নেন এবং দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতির পর কিছুটা ধীরগতির ফুটবল খেললেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। ৫৩তম মিনিটে পাজের পাঠানো নিখুঁত বল হেডে জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। গোলের পরপরই স্কালোনি তুলে নেন পাজ ও রোমেরোকে।
ম্যাচের শেষভাগে হুলিয়ান আলভারেজ গোলের চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত গোল পাননি। তবে বদলি হিসেবে নামা হোসে ‘ফ্লাকো’ লোপেজ ৮৬তম মিনিটে বল জালে পাঠালে ৪-০ গোলের দাপুটে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
এদিকে, মেসির বিদায়ের বিষাদের মাঝেও নিকো পাজের এই উজ্জ্বল পারফরম্যান্স নিশ্চিতভাবেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য নতুন আশার বার্তা দিচ্ছে। তাদের মনে আশা জাগতেই পারে, হয়তো পাজই হবে আর্জেন্টিনার পরবর্তী মেসি!
/এনএ