শততম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে আর কত ম্যাচ পাবেন কোহলি?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতকের পর ভিরাট কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টি। গ্রেট শচীন টেন্ডুলকারকে ছুঁতে বা শততম শতকের দেখা পেতে ভিরাটকে খেলতে হবে আরও ১৪টি তিন অঙ্কের ইনিংস। প্রশ্ন হলো, এই রেকর্ডে পৌঁছাতে আর কতটি ম্যাচ খেলতে পারবেন ভিরাট? টেস্ট ও টি-টোয়েন্টি থেকে তো অবসর নিয়েছেন। যা করার তা করতে হবে ভারতের হয়ে নীল জার্সিতে ওয়ানডেতেই।
সম্প্রতি ভিরাট ঘোষণা দিয়েছেন আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে আফ্রিকায় বসবে ১৪তম ওয়ানডে বিশ্বকাপের আসর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন। এরপর এই সিরিজে আরও দুটি ওয়ানডে রয়েছে। আগামী ১-১৫ নভেম্বরের মধ্যে ভারত ৫টি ওয়ানডে খেলবে কিউইদের বিপক্ষে।
আগামী ডিসেম্বরে দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেন ইন ব্লু'রা। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একই ফরম্যাটে ৩ ম্যাচের সিরিজ রয়েছে।
অর্থাৎ জানুয়ারি পর্যন্ত আর ১৩টি ম্যাচ আছে ভারতের। আগামী বছরের জুন-জুলাই থেকে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। সেখানে ফাইনাল পর্যন্ত উঠলে আও হাফ ডজন ম্যাচ পাবেন কোহলি। সব মিলিয়ে ১৯টি ম্যাচ।
তবে ওয়ানডে বিশ্বকাপের আগেও মাস তিনেক সময় থাকবে। তার মধ্যে বিসিসিআই আরও ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারে। তারপর বিশ্বকাপে ভারত অন্তত ১০টি ম্যাচ পাবে।
আগামী বছর বিশ্বকাপ খেলে কোহলি অবসরে গেলে সব মিলিয়ে ২৫-৩০টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন। আর এই ২৫-৩০ ম্যাচে কোহলির লক্ষ্য আরও ১৪টি সেঞ্চুরি। তাহলে কি কোহলি ভক্তরা প্রিয় তারকার সেঞ্চুরির সেঞ্চুরির স্বপ্ন দেখতে পারেন? সেটি হয়ত সময়ই বলে দেবে।
/এমএইচআর