আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
দ্বিপাক্ষিক দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন ভ্যান্ডারসন, রাফিনিয়া, ব্রুনো ও ভিনিসিয়ুস।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের ল্যাঙ্ক পার্ক স্টেডিয়ামে সেলেসাওদের আতিথ্য দেয় অস্ট্রেলিয়া।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেলেসাওরা। ৩য় মিনিটেই ভ্যান্ডারসনের গোলে লিড পায় অতিথিরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরান স্বাগতিক সেন্টার ব্যাক আলেসান্দ্রো চিরকাতি। এর ৫ মিনিট পরই ফের গোল হজম করে সেলেসাওরা। এবার লক্ষ্যভেদ করেন কন্নর মেটকাফ।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড আগে ডি-বক্সে অজি ডিফেন্ডারদের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অতিথিরা। পেনাল্টি থেকে গোল করে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতা ফেরান বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর একের পর আক্রমণের পসরা সাজায় ব্রাজিল। অস্ট্রেলিয়ান রক্ষণভাগকে রীতিমতো কঠিন পরীক্ষা দিতে হয়।
ম্যাচের ৬৯তম মিনিটে দ্বিতীয়বারের মতো লিড নেয় ব্রাজিল। আর্সেনালের সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গ্রুইমারেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সেলেসাওরা।
এক পর্যায়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ড বাহিনী।'
৮০তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় ব্রাজিল। বল নিয়ে আক্রমণে গেলে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে আরও বড় ব্যবধানে এগিয়ে নেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী শনিবার (৩ অক্টোবর) ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়ামে) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
/এমএইচআর