চোটে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
লিওনেল মেসির বিদায়ী ম্যাচসহ তিনটি প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোটের কারণে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ।
৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। তবে ফিফার চলমান উইন্ডোতে মোট তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। বেনিনের পাশাপাশি বলিভিয়া, বুরকিনা ফাসোর সাথে ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে আলমাদা ও ফয়থের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের বদলি খেলোয়াড়দের নাম এখনও ঘোষণা করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মাঠ থেকে ছিটকে গেলেও নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের ‘লাস্ট ড্যান্স’-এ থাকবেন দুজনই। কেননা, মেসির বিদায়ী ম্যাচে কাতার বিশ্বকাপ জেতা স্কোয়াডের সব খেলোয়াড়কে নিমন্ত্রণ করেছে এএফএ। আলমাদা ও ফয়থ কাতার বিশ্বকাপের সদস্য ছিলেন।
/এএম