এশিয়ান গেমস
উশুতে বাংলাদেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
আন্তর্জাতিক উশু অঙ্গনে বাংলাদেশের জন্য বড় সুসংবাদ বয়ে এনেছেন নারী অ্যাথলেট জিন্নাত আক্তার। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিপক্ষ ডিসকোয়ালিফাইড হওয়ায় সেমিফাইনালে উন্নীত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে এই ইভেন্টে বাংলাদেশের অন্তত একটি পদক জয় নিশ্চিত হলো।
কোয়ার্টার ফাইনাল বাউটে জিন্নাত আক্তারের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে নির্ধারিত পরিমাপের চেয়ে অতিরিক্ত ওজন হওয়ায় তিসারাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে নিয়ম অনুযায়ী জিন্নাত আক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে প্রথম রাউন্ডে সরাসরি ‘বাই’ পেয়েছিলেন তিনি।
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, সেমিফাইনালে ওঠার মাধ্যমে জিন্নাত আক্তারের অন্তত একটি ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সেমিফাইনালে চীনের প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। তিনি বলেন, জিন্নাত সেমিফাইনালে জিতলে আমরা স্বর্ণপদকের জন্য লড়ব। আর যদি হেরেও যান, তবুও এই ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত থাকবে।
এদিকে পুরুষদের ইভেন্টে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। উশুর ৫৬ কেজি পুরুষদের কোয়ার্টার ফাইনালে চীনের প্রতিযোগী জিয়ামিনের মুখোমুখি হয়ে নকআউট হন বাংলাদেশের সজীব হোসেন। গুরুতর চোটের কারণে তিনি পরবর্তী রাউন্ডে আর অংশ নিতে পারেননি এবং ওয়াকওভার দিতে বাধ্য হন।
/এএ