×
Logo

খেলাধুলা

মাদ্রিদ ডার্বি

ম্যাচ হারের পর রেফারিং নিয়ে মরিনহোর ক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

ম্যাচ হারের পর রেফারিং নিয়ে মরিনহোর ক্ষোভ

মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকোর কাছে হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়লেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ম্যাচে দুটি লাল কার্ড না দেখানোর অভিযোগ তার। তবে মরিনহোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। বরং সীমরেখা অতিক্রম না করার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সুপার সানডের মাদ্রিদ ডার্বিতে উত্তেজনার পারদ চড়েছিল শুরু থেকেই। প্রথমার্ধে অ্যাথলেটিকোর ক্রিশ্চিয়ান রোমেরোর বুটের আঘাত লাগে জুড বেলিংহামের পায়ে। ভিএআর দেখেও রোমেরোকে লাল কার্ড না দিয়ে হলুদ কার্ডেই সন্তুষ্ট থাকেন রেফারি।

বিতর্কের দ্বিতীয় অধ্যায়ের পানি গড়ায় দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে ডিন হুয়িসেন ফাউল করায় ১০ জনের দলে পরিণত হতে হয় রিয়াল মাদ্রিদ। বক্সের ভেতর করা সেই ফাউল থেকেই পেনাল্টি থেকে গোল পায় অ্যাটলেটিকো। ওই দুটি ঘটনার ছবি সংবাদ সম্মেলনে তুলে ধরে রেফারির কড়া সমালোচনা করেন হোসে মরিনহো। প্রশ্ন তোলেন রেফারিং কমিটি নিয়েও।

মরিনহো বলেন, কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই, এমন একজন ৪১ বছর বয়সী রেফারিকে তারা নিয়োগ দিয়েছে। এটা অবশ্যই এই কারণে নয় যে, তিনি একজন গ্রেট রেফারি। এখানে ম্যাচ পরিচালনা করতে এসে শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেননি তিনি।

লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে থাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তীক্ষ্ণ জবাব রিয়াল মাদ্রিদ কোচের। বাকি দলগুলোর সাথে সমানভাবে প্রতিযোগিতার নিশ্চয়তাও চান তিনি।

রিয়াল মাদ্রিদ কোচ বলেন, রেফারি'রা যদি আমাদের শান্তিতে থাকতে দেয় এবং বাকি সবার সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয়, তারপরও আমাদের এখনও অনেক পথ যেতে হবে। আমি এতটা বলতে চাই না যে, এটা সাজানো ছিল; আমি বিশ্বাস করতে চাই, তারা কেবল একটি ভুল করেছে।

এদিকে রেফারি ও রেফারিং কমিটি নিয়ে মরিনহোর মন্তব্যের জেরে সকলের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনের। সেই সাথে সীমারেখা অতিক্রম না করার অনুরোধও করেন তিনি। বলেন, কথা বলার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। রেফারি ও সহকর্মীদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। আপনি যেই হোন না কেন; সীমারেখা অতিক্রম করাটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়; ওই সীমা অতিক্রম করা যায় না।

উল্লেখ্য, ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাথলেটিকো। ১৫ পয়েন্ট নিয়ে চারে অবস্থান রিয়াল মাদ্রিদের।

/এমএইচআর

Logo