৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারানো এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করলো সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই জমজমাট লড়াইয়ে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সিটির হয়ে জোড়া গোল করেন অ্যান্টোয়ান সেমেনিও। এছাড়া গোল পেয়েছেন এঞ্জো ফার্নান্দেজ, রায়ান চেরকি ও আর্লিং হালান্ড।
অন্যদিকে, সান্ডারল্যান্ডের হয়ে ব্রায়ান ব্রবি দারুণ এক হ্যাটট্রিক করেও অবশ্য দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে আগের দিন ব্রাইটনের মাঠে হেরে যাওয়া আর্সেনাল।
এদিকে, আজ অপর ম্যাচে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে ক্যারিকের দল।
/এএম