×
Logo

খেলাধুলা

ল্যাম্পার্ডের অধীনে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ঐতিহাসিক জয় পেলো কোভেন্ট্রি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

ল্যাম্পার্ডের অধীনে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ঐতিহাসিক জয় পেলো কোভেন্ট্রি

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে অবশেষে জয়ের দেখা পেলো কোভেন্ট্রি সিটি। শনিবার (১৯ সেপ্টেম্বর) নটিংহাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়ে ২৫ বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল দলটি।

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ জিতে প্রিমিয়ার লিগে ফেরা কোভেন্ট্রির শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মাঠে কঠিন ম্যাচের পর গত সপ্তাহে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় তারা। প্রথম চার ম্যাচ শেষে পয়েন্টের পাশাপাশি গোলও ছিল শূন্য, গোল ব্যবধান ছিল -১০।

তবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে সেই হতাশা কাটিয়ে ওঠে ল্যাম্পার্ডের দল। ম্যাচের ৫৫ মিনিটে গোল করে কোভেন্ট্রিকে এগিয়ে দেন জে দাসিলভা। গোলরক্ষক কার্ল রাশওয়ার্থের দূরপাল্লার পাস দারুণভাবে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে ফরেস্টের গোলরক্ষক মাত্জ সেলসকে পরাস্ত করে বাঁকানো শটে বল জালে পাঠান তিনি।

শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ফরেস্ট। ইগর জেসুসের গোল প্রথমে কোভেন্ট্রির সমর্থকদের দুশ্চিন্তায় ফেললেও ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হয়। দেখা যায়, গোলের আগে ক্যালেব ইয়েরেনকিকে ফাউল করেছিলেন ইগর জেসুস। ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্তই বহাল থাকে।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোভেন্ট্রি। ২০০১ সালের এপ্রিলে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রিমিয়ার লিগে এটি তাদের প্রথম জয়। সেই মৌসুমের কয়েক ম্যাচ পরই অবনমিত হয়েছিল দলটি, শেষ হয়েছিল শীর্ষ পর্যায়ে তাদের টানা ৩৪ বছরের পথচলা।

এরপর নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এমনকি ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরেও নেমে গিয়েছিল কোভেন্ট্রি। তাই দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে জয়টি দলের সমর্থকদের জন্য ছিল বিশেষ মুহূর্তের।

জয়ের পর ল্যাম্পার্ড বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই এই জয় এসেছে। প্রথম চার ম্যাচে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হারার পর এই জয় দলের আত্মবিশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তবে জয় পেলেও বাস্তবতা ভুলতে চান না ল্যাম্পার্ড। তিনি বলেন, প্রিমিয়ার লিগ কতটা কঠিন, সেটি প্রথম চার ম্যাচেই তারা বুঝতে পেরেছেন। আন্তর্জাতিক বিরতির আগে পাওয়া এই তিন পয়েন্ট তাই দলের জন্য কিছুটা স্বস্তি এনে দেবে।

/এনএ 

Logo