×
Logo

খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি বৈভবের, গম্ভীর বললেন অপেক্ষা করতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি বৈভবের, গম্ভীর বললেন অপেক্ষা করতে হবে

জিম্বাবুয়ে সফরে সিরিজসেরা হয়েও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা পাননি ১৫ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী। তাকে নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। জানিয়েছেন, সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তরুণ এই ক্রিকেটারকে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। তবে পুরো সিরিজেই বেঞ্চে বসে থাকতে হয়েছে বৈভবকে। তার জায়গায় সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকেই আস্থায় রেখেছে টিম ম্যানেজমেন্ট।

গম্ভীর বলেন, বৈভবের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই দলে এগিয়ে থাকবেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈভবের ক্ষেত্রে বিষয়টি খুব পরিষ্কার— তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি তার প্রতিভা কতটা এবং সে কী করতে পারে। কিন্তু কেউ যদি কয়েক বছর ধরে অসাধারণ পারফরম্যান্স করে, তাহলে দলে নতুন আসা একজন খেলোয়াড়ের চেয়ে সে এগিয়ে থাকবে।

তিনি আরও বলেন, যখন বৈভব সুযোগ পাবে, তখন তাকে দীর্ঘ সময় দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট এমনই—আমরা দলে প্রতিযোগিতা চাই, ড্রেসিংরুমে প্রতিভাবান খেলোয়াড় চাই। তবে ক্রিকেটে অনেক সময় ১৫ বছর বয়সী হোক কিংবা ৩০ বছর বয়সী, সবাইকেই সুযোগের অপেক্ষা করতে হয়।

এর আগে, জিম্বাবুয়ে সফরে সাঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেছিলেন বৈভব। ছয় ইনিংসে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কারও জেতেন বাঁহাতি এই ব্যাটার।

তবে আফগানিস্তান সিরিজে স্যামসন দলে ফিরলে একাদশের বাইরে চলে যান বৈভব। অন্যদিকে, বিশ্বকাপজয়ী দলের সদস্য স্যামসন এই সিরিজে দুটি অর্ধশতক করে নিজের জায়গা শক্ত করেন।

গম্ভীর জানান, ইংল্যান্ড সফরে স্যামসনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ছিল তার কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত। তবে খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েই সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি বলেন, স্যামসন দেখিয়েছে সে কী করতে পারে। বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়া কোনো খেলোয়াড়ের প্রতিভা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। ইংল্যান্ড সিরিজ থেকে তাকে বাদ দেওয়া সম্ভবত আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।

গম্ভীরের মতে, কয়েকটি খারাপ ম্যাচের কারণে কোনো খেলোয়াড়ের মান নিয়ে প্রশ্ন তোলা যায় না। বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের ওপর আস্থা রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে, এশিয়ান গেমসে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দলের কোচ থাকবেন ভিভিএস লক্ষ্মণ। ফলে সেখানে বৈভবের সুযোগ পাওয়ার বিষয়টিও অনিশ্চিত।

/এনএ 


Logo