×
Logo

খেলাধুলা

টম ব্যান্টনের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

টম ব্যান্টনের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য ধরে রাখলো ইংল্যান্ড। টম ব্যান্টনের বিধ্বংসী ব্যাটিং এবং লিয়াম ডসনের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংলিশরা। 

এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ১৪তম ম্যাচে অপরাজিত থাকল ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কার্ডিফে সফরকারী শ্রীলঙ্কার মুখোমুখি হয় থ্রি লায়ন্সরা।

ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১২.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। হাতে ছিল ৪৭ বল।

শ্রীলঙ্কার বোলিং কোচ রায়ান ভ্যান নিয়েকার্কের মতে, এই উইকেটে ২০০ রানও স্বাভাবিক স্কোর হতে পারত। তবে ইংল্যান্ডের বোলিং আক্রমণে বিপর্যস্ত হয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা।

শুরুটা অবশ্য দারুণ করেছিল সফরকারীরা। প্রথম ৫ ওভারে ওপেনার লাহিরু উদারা ও পথুম নিসাঙ্কার ব্যাটে আসে ৫৫ রান। কিন্তু এরপরই ডসনের স্পিনে ছন্দ হারায় তারা। ২০ ওভারে শেষ ১৫ ওভারে মাত্র ৯০ রান যোগ করে ৯ উইকেট হারায় লঙ্কানরা।

ডসনের বলে উদারা ২১ রান করে আউট হওয়ার পর দ্রুতই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। কামিল মিশারাও ফিরে যান পরের বলেই। শেষ চার ওভারে মাত্র ১২ রান তুলতে পারে তারা, হারায় চার উইকেট। ইংল্যান্ডের তরুণ পেসার সনি বেকারও দুটি উইকেট নিয়ে দারুণ ভূমিকা রাখেন।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডও শুরু করে দ্রুতগতিতে। পাঁচ ওভারে তারাও তুলে নেয় ৫৫ রান। তবে অ্যানিউরিন ডোনাল্ড ও জস বাটলারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।

বাটলার ১৬ বলে ৩০ রান করার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এরপর ক্রিজে এসে আবারও নিজের বিধ্বংসী রূপ দেখান হ্যারি ব্রুক। যদিও বড় ইনিংস খেলতে পারেননি তিনি, তবে হাসারাঙ্গার এক ওভারেই তিনটি বিশাল ছক্কা হাঁকান।

তবে ম্যাচের আসল নায়ক ছিলেন টম ব্যান্টন। মাত্র ৩১ বলে নিজের পঞ্চম এবং সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন তিনি। তার ছক্কার ঝড়ে ইংল্যান্ডের জয়ের পথ সহজ হয়ে যায়। শ্রীলঙ্কার পুরো দল যেখানে মাত্র দুটি ছক্কা মারতে পেরেছে, সেখানে একাই সমান সংখ্যক ছক্কা হাঁকান ব্যান্টন।

ইংল্যান্ড অধিনায়ক লিয়াম ডসন দলের ব্যাটিং শক্তির প্রশংসা করে বলেন, দলের ব্যাটিং লাইনআপে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ের অভাব নেই।

অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা স্বীকার করেছেন, ইংল্যান্ড তাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। তিনি বলেন, দলকে আরও অনেক উন্নতি করতে হবে।

এই জয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে টি-টোয়েন্টি দাপট আরও শক্ত হলো। অধিনায়কত্বে এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯ জয় পেয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচ হবে ম্যানচেস্টারে।

/এনএ 

Logo