ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ ঋষভ পান্ত, জায়গা পেলেন ধ্রুব জুরেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে ফিরতে পারেননি ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। তার জায়গায় দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ভারতীয় নির্বাচকরা। এশিয়ান গেমসের কারণে নিয়মিত কয়েকজন ক্রিকেটার দলে না থাকায় পান্তের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে উইকেটরক্ষক ইশান কিষানের অনুপস্থিতিতে তার সুযোগ পাওয়ার কথা ছিল।
তবে নির্বাচকরা পান্তকে বিবেচনায় নেননি। তাকে ইরানি কাপে রেস্ট অব ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে খেলতে পাঠানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সেটিই ছিল ওয়ানডেতে তার একমাত্র ম্যাচ।
পান্তকে বাদ দেওয়ার কারণ হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দলের অসন্তোষের কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মতামতও নির্বাচকদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়ানডেতে পান্তের সুযোগ অবশ্য খুব বেশি ছিল না। ২০২৫-২৬ মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে ছয় ইনিংসে ২১২ রান করেন তিনি, যেখানে ছিল দুটি অর্ধশতক।
অন্যদিকে, ধ্রুব জুরেল সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। সাত ইনিংসে ৫৫৮ রান করে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তার ব্যাট থেকে আসে দুটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লড়াইয়ে পান্ত কিছুটা পিছিয়ে পড়লেও তার ওয়ানডে ক্যারিয়ারের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের সামনে এখনও ফিরে আসার সুযোগ রয়েছে।
/এনএ