এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
বৃষ্টির কারণে চীনের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ম্যাচ মাঠে গড়ায়নি। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাপানের নাগোয়ায় নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা টসও করতে পারেননি।
ম্যাচ শুরুর সম্ভাবনা যাচাই করতে আম্পায়াররা মোট ৩ দফায় মাঠ পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাঠের পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
র্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী ম্যাচ বাতিল হলেও সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে চীনের হাংজুতেও বৈরী আবহাওয়া ও মাঠের অনুপযোগী পরিস্থিতির কারণে একই ধরনের নিয়ম প্রয়োগ করা হয়েছিল।
/এমএইচআর