×
Logo

খেলাধুলা

ব্যালন ডি'অরের দৌড়ে মেসিকেই এগিয়ে রাখলেন সিমিওনে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

ব্যালন ডি'অরের দৌড়ে মেসিকেই এগিয়ে রাখলেন সিমিওনে

ব্যালন ডি'অরের দৌড়ে ইয়ামাল-এমবাপ্পে-দেম্বেলেদের ভিড়ে মেসিকেই বেছে নিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সে মুগ্ধ তিনি। তবে বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেও ছাড়তে নারাজ নিজের মুকুট। এই ট্রফি যুদ্ধে নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে ফের আলোচনায় লিওনেল মেসি।

মূলত, এবারের ব্যালন ডি'অরের মঞ্চে নতুন তারকাদের দাপট থাকলেও ফের পুরনো জাদুকরের ওপরই ভরসা রেখেছেন ডিয়েগো সিমিওনে। লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে কিংবা বর্তমান চ্যাম্পিয়ন উসমান দেম্বেলের ভিড়েও ২০২৬ সালের ব্যালন ডি অরের দাবিদার হিসেবে লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে।

মেসির বয়স ৩৯। আন্তর্জাতিক ফুটবল থেকে নিয়েছেন অবসর। চালিয়ে যাচ্ছেন মায়ামির হয়ে ক্লাব ফুটবিল। মেসির জাদুতে যেন বয়সের কোনো ছাপই নেই। বরং বিশ্বকাপের মঞ্চে এমন পারফরম্যান্সই দেখিয়েছেন যা সিমিওনের চোখে বাকিদের চেয়ে আলাদা করেছে এলএমটেনকে।

ইয়ামাল সম্প্রতি নিজেকে ও এমবাপ্পেকে বিশ্বের সেরা দুই ফুটবলার দাবি করেছিলেন। কিন্তু ইয়ামালের সেই দাবিতে সায় নেই অ্যাটলেটিকো কোচের। কার হাতে উঠবে ব্যালন ডি অর প্রশ্নটা শুনেই যেন এক সেকেন্ডও ভাবলেন না। সরাসরি নিলেন মেসির নাম।

ডিয়েগো সিমিওনে বলেন, মেসি কোনো সন্দেহ ছাড়াই। যে ধরনের বিশ্বকাপ সে খেলেছে, সেটাই তাকে সবার থেকে আলাদা করেছে। আর যে বয়সে সে এমন পারফরম্যান্স করেছে, সেটিও অবিশ্বাস্য। বিশ্বমঞ্চে তার ধারাবাহিকতা ও প্রভাব ছিল অসাধারণ। তাই ব্যালন ডি’অরের জন্য আমার পছন্দ মেসি।

তবে মেসির একচ্ছত্র রাজত্ব মানতে নারাজ বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। পিএসজির জার্সিতেই ট্রফি ধরে রাখার স্বপ্ন ফরাসি তারকার।

দেম্বেলে বলেন, এটি এবারও কোনো পিএসজি খেলোয়াড়ের হাতেই থাকবে। আমি নিজেও এই লড়াইয়ের একজন প্রতিদ্বন্দ্বী। গতবারের সাফল্য আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। তাই ব্যালন ডি’অর আবারও জেতাই আমার লক্ষ্য।

ব্যালন ডি’অরের লড়াইয়ে উত্তাপ এখন তুঙ্গে। তরুণদের চ্যালেঞ্জ, বর্তমান চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস। আর মাঝখানে ৩৯ বছরের মেসি। যার নাম উঠলেই ব্যালন ডি'অরের আলো যেন আবারও ফিরে যায় পুরনো ঠিকানায়।

/এমএইচআর

Logo