×
Logo

খেলাধুলা

ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি-ইয়ামাল-কেইনের ত্রিমুখী লড়াই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি-ইয়ামাল-কেইনের ত্রিমুখী লড়াই

ফিফা বিশ্বকাপের উত্তাপ শেষ হয়েছে মাস দুয়েক আগেই। কিন্তু ফুটবলের রাজসিংহাসনের লড়াই তুঙ্গে। ফুটবল ক্যালেন্ডারের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্মারক ‘ব্যালন ডি’অর’ কার হাতে উঠছে, তা নিয়ে শুরু হয়ে গেছে চরম উত্তেজনা। গত ৩ আগস্ট থেকে ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স আর বিশ্বকাপ ট্রফির মারপ্যাঁচে কে এগিয়ে?

এই উত্তরের পরিসংখ্যানভিত্তিক লড়াই শুরু হয়েছে এরইমধ্যে। মঞ্চ প্রস্তুত, আর সেই মঞ্চে ওঠার দৌড়ে সবার সামনে দাঁড়িয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের রূপকার রদ্রি। ক্লাব মৌসুমে সিটির হয়ে চোটে পিষ্ট হলেও, বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের প্রধান কারিগর তিনিই। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’-এর পুরস্কার। টুর্নামেন্টে সর্বকালের সর্বোচ্চ পাসের রেকর্ডও গড়েছেন রদ্রি। সে কারণেই ব্যালন ডি'অর জেতার তালিকায় হট ফেভারিট রদ্রি।

তবে স্পেনের এই স্টারকে শক্ত চ্যালেঞ্জ দিচ্ছেন তাঁরই জাতীয় দল সতীর্থ লামিন ইয়ামাল। বার্সেলোনাকে লা লিগা জেতানোর পথে ১৬ গোল ও ১২ অ্যাসিস্ট করে হয়েছেন লিগের সেরা খেলোয়াড়। অন্যদিকে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়েও রেখেছেন সরাসরি ভূমিকা। ক্লাব ও দেশ দুই জায়গাতেই প্রধান ট্রফি থাকায় তরুণ এই ফরোয়ার্ডের দাবিটা অত্যন্ত জোরালো।

অবশ্য পরিসংখ্যানের বিচারে সবাইকে ছাড়িয়ে বায়ার্ন মিউনিখের গোলমেশিন হ্যারি কেইন। ক্লাব ও দেশের হয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩ গোল করা কেইন জিতেছেন বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও ইউরোপিয়ান গোল্ডেন শু। দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে ৬০ বছরের মধ্যে ইংল্যান্ডের সেরা সাফল্য এনে দিতে ভূমিকা রেখেছেন তিনি। ট্রফি এবং ব্যক্তিগত গোল, দুই দিক থেকেই শক্ত অবস্থানে তিনিস।

এদিকে পিছিয়ে নেই অন্য তারকারাও। ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে না পারলেও টুর্নামেন্টে ১০ গোল করে গোল্ডেন বুট ও বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া কিলিয়ান এমবাপ্পে ৪২ গোল করে জিতেছেন পিচিচি ও চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতার পুরস্কার।

অন্যদিকে, ৩৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে উঠে সিলভার বল ও সিলভার বুট জেতা লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে এমএলএস কাপ জিতলেও বড় দলগত শিরোপার অভাবে কিছুটা পিছিয়ে। এছাড়া পিএসজিকে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানো উসমান দেম্বেলে ও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ডও আছেন আলোচনায়।

সব মিলিয়ে রদ্রি, ইয়ামাল ও হ্যারি কেইন এই তিনজনের মধ্যেই মূলত জমাট বেঁধেছে এবারের ব্যালন ডি’অরের ত্রিমুখী লড়াই।

/এমএইচআর

Logo