×
Logo

খেলাধুলা

৪-০ গোলে বিধ্বস্ত আল নাসর, মাঠে আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে রোনালদোর ধাক্কাধাক্কি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

৪-০ গোলে বিধ্বস্ত আল নাসর, মাঠে আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে রোনালদোর ধাক্কাধাক্কি
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি রূপ নিয়েছিল দুঃস্বপ্নে। এএফসি চ্যাম্পিয়নস লিগের মঞ্চে আল আইনের মাঠে আতিথ্য নিয়ে রীতিমতো উড়ে গেল তার দল আল নাসর।

৪-০ গোলের বড় পরাজয়ে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর হারের তিক্ত স্বাদ পেলেন পর্তুগিজ তারকা। আর এমন বিপর্যয়ের ম্যাচেই ফের মাথাচাড়া দিয়ে উঠল আল আইনের আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস প্যালাসিওসের সঙ্গে রোনালদোর পুরোনো দ্বৈরথ ও হাতাহাতি।

দুই তারকার বিরোধের ইতিহাস খুব পুরোনো নয়। ২০২৪ সালের নভেম্বরে এই এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই কর্নার কিকে বল দখলের সময় প্যালাসিওসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান রোনালদো। সেবার প্যালাসিওসের গলা চেপে ধরেও কার্ড দেখা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি, ম্যাচটি আল নাসর জিতেছিল ৫-১ গোলে। তবে এবার দৃশ্যপট পুরোপুরি বদলে যায়।

ম্যাচে যখন আল আইন ২-০ গোলে এগিয়ে, তখন বাঁ প্রান্ত থেকে উড়ে আসা ক্রসের অপেক্ষায় বক্সে ঢুকছিলেন আল নাসর অধিনায়ক। এ সময় তাকে কড়া ট্যাকলে বাধা দেন প্যালাসিওস। ক্ষুব্ধ রোনালদো কনুইয়ের ধাক্কায় প্যালাসিওসকে মাটিতে ফেলে দেন এবং নিজেও তাল হারিয়ে পড়ে যান। এরপরই দুজন জড়িয়ে পড়েন তীব্র বাক্যযুদ্ধে। 

ম্যাচ শেষে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, প্যালাসিওস কথা-কাটাকাটির সময় ৪১ বছর বয়সী রোনালদোকে তার বয়সের কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন—বলের নিয়ন্ত্রণ তিনি নিজেই আগে পাবেন। এই মন্তব্যের পরই রোনালদোর মেজাজ পুরোপুরি বিগড়ে যায়।

গোটা ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি, পুরো ৯০ মিনিটে লক্ষ্যে শট নিতে পেরেছেন মোটে তিনটি। ফলে তার ক্যারিয়ার গোলের পরিসংখ্যান ৯৭৯-তেই থমকে রইল।

২০২২ সালে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-০ গোলে হারের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটিই রোনালদোর সবচেয়ে বড় পরাজয়। ট্রান্সফারমার্কেটের রেকর্ড অনুযায়ী, ক্লাব ক্যারিয়ারে তার যৌথভাবে সর্বোচ্চ হারের রেকর্ড রয়েছে ৫-০ গোলে—২০১০ সালে রিয়ালের জার্সিতে বার্সেলোনার বিপক্ষে এবং ২০২১ সালে ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। তবে আল নাসরে যোগ দেওয়ার পর চার গোলের এই হারটিই তার সবচেয়ে বড় লজ্জার রেকর্ড হয়ে রইল।

/এএ

Logo