ম্যানচেস্টার ডার্বি
হালান্ডের গোল নিয়ে বড় ভুল করেছে ভিএআর, স্বীকার করলেন ইপিএল রেফারি প্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের বিতর্কিত গোল নিয়ে বড় ভুল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। গোলটি বাতিল করার মতো পরিস্থিতি থাকলেও বিষয়টি বিবেচনাই করেনি ভিএআর। এমনটাই স্বীকার করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
‘ম্যাচ অফিসিয়ালস মাইকড আপ’ অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রথম পর্বে ওয়েব বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলের ঘটনায় ভিএআর কর্মকর্তা ম্যাট ডোনোহু ও তার সহকারী ব্লেক অ্যান্ট্রোবাস ভুল করেছেন।
রোববার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের ৬০তম মিনিটে হালান্ড গোল করলেও মাঠের রেফারি প্রথমে অফসাইডের কারণে তা বাতিল করেন। পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, হালান্ড অফসাইডে ছিলেন না। এরপর গোলটি বৈধ ঘোষণা করা হয়।
তবে পরে দেখা যায়, সিটির এনজো ফার্নান্দেজ ওই আক্রমণের সময় অফসাইড অবস্থানে ছিলেন এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছিলেন। কিন্তু ভিএআর কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেননি।
হাওয়ার্ড ওয়েব বলেন, এই ঘটনায় আমি খুবই হতাশ। আমরা সবাই হতাশ। কর্মকর্তারাও নিজেদের কাজ নিয়ে গর্ব করেন, তাই এমন ভুলের পর তারাও কষ্ট পাচ্ছেন।
তিনি জানান, এই ভুলের সঙ্গে জড়িত কর্মকর্তারা আন্তর্জাতিক বিরতির পরের সময় পর্যন্ত ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন না।
ওয়েব ব্যাখ্যা করেন, ভিএআর মূলত হালান্ড অফসাইড ছিলেন কি না— সেটি নিয়েই বেশি মনোযোগী হয়ে পড়ে। স্বয়ংক্রিয় প্রযুক্তিতে দেখা যায়, জোসকো গভার্দিওলের ক্রসের সময় হালান্ড মাত্র তিন সেন্টিমিটার অনসাইড ছিলেন।
কিন্তু এরপর ফার্নান্দেজের অবস্থান এবং তার কারণে প্রতিপক্ষের ওপর প্রভাবের বিষয়টি আর বিবেচনায় নেওয়া হয়নি। ওয়েব বলেন, ভিএআর হালান্ডকে নিয়েই অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ে। তার অফসাইড না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মনে করে গোলটি বৈধ। কিন্তু ফার্নান্দেজের অবস্থানের পুরো প্রভাব মূল্যায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, এটি এমন একটি ভুল, যেখানে স্পষ্টতই গোলটি বাতিল হওয়া উচিত ছিল। আমরা বিষয়টি পর্যালোচনা করব এবং ভবিষ্যতে যেন এমন অস্বাভাবিক ভুল না হয়, সে বিষয়ে শিক্ষা নেব।
এদিকে ম্যাচে ফিল ফোডেনের লাল কার্ড নিয়েও আলোচনা হয়। ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে সংঘর্ষে ফোডেনকে মাঠ ছাড়তে হয়েছিল। তবে ব্রুনোর আচরণকে লাল কার্ডের পর্যায়ে মনে করেননি ওয়েব।
তার মতে, ফোডেনের আঘাত ছিল বেশি জোরালো এবং তাই সেটি লাল কার্ডের যোগ্য। অন্যদিকে ব্রুনোর আচরণ ছিল ‘অসন্তুষ্টির প্রকাশ’, তবে সহিংস আচরণ নয়— যার শাস্তি হওয়া উচিত ছিল হলুদ কার্ড।
/এনএ