অস্ট্রেলিয়ার প্রস্তুতির ঘাটতি ছিল না, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। মাঠের পারফরম্যান্সে নিজেদের সেরাটা দিতে না পারাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অজি ক্যাপ্টেন।
ডারউইনে প্যাট কামিন্সের দলকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে চমক দেখায় নাজমুল হোসেন শান্তর দল। সেই হারের আলোচনা এখনও চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে।
কামিন্সের ভাষায়, অস্ট্রেলিয়ার প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না এবং বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে।
'কিপিন ইট ক্রিকেট' পডকাস্টে তিনি বলেন, অ্যাশেজ হোক কিংবা বাংলাদেশ, আমার মনে হয় আমরা অভিন্নভাবে প্রস্তুতি নিতাম। সিরিজ শুরুর আগে আমরা বেশ ভালো জায়গায় ছিলাম। সবাই ফিট ছিল, প্রস্তুত ছিল।
বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারের প্রসঙ্গে ৩৩ বছর বয়সী পেসার বলেন, আমরা ভালো খেলিনি। আমার মনে হয় না, প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। অন্যদিকে, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং আমাদের ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি।
এদিকে, অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৮ সালের 'স্যান্ডপেপারগেট' কেলেঙ্কারির পর প্রথমবার দেশটির মাটিতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তাই সিরিজে কিছুটা বৈরিতা থাকলেও তা অ্যাশেজের চেয়ে বেশি হবে না বলেই মনে করেন কামিন্স।
/এএম