৩০ বছর পর ক্যাম্প ন্যুতে হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। এক বছর পর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনার ক্যাম্প ন্যুতে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উয়েফা এ ঘোষণা দেয়।
২০২৮ সালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করবে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে ২০১২ সালে এই মাঠে ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। এরপর ২০২৫ সালে প্যারিস সেন্ট জার্মেইনের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের ফাইনালও হয়েছিল এই স্টেডিয়ামে।
প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার আলিয়াঞ্জ অ্যারেনা ইতোমধ্যে বড় ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ২০২৯ সালের ফাইনালের ভেন্যু ক্যাম্প ন্যুতে চলছে বড় ধরনের সংস্কারকাজ। ২০২৩ সালে শুরু হওয়া পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ধাপে ধাপে স্টেডিয়ামটির আধুনিকায়ন করা হচ্ছে।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেন উয়েফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আলিয়াঞ্জ অ্যারেনা, বায়ার্ন মিউনিখ ও মিউনিখ শহর আন্তর্জাতিক আবেদন, অতিথিপরায়ণতা এবং উচ্চমানের আয়োজনের জন্য পরিচিত। ফাইনালকে ঘিরে সমর্থকদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি এবং মিউনিখকে আন্তর্জাতিক মানের ক্রীড়া শহর হিসেবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে ২০২৯ সালে তৃতীয়বারের মতো ইউরোপের মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবলের ফাইনাল আয়োজন করবে ক্যাম্প ন্যু। সর্বশেষ ১৯৯৯ সালে এই মাঠে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল। সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেন, ক্লাব ও শহরের সব সমর্থকের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আয়োজনের জন্য উয়েফার আস্থা ক্যাম্প ন্যুর সংস্কার প্রকল্পের ব্যাপ্তি ও উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু আগেই নির্ধারিত হয়েছে। ২০২৭ সালের ৫ জুন স্পেনের মাদ্রিদের অ্যাতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু মেট্রোপলিতানো স্টেডিয়ামে হবে সেই ফাইনাল।
এদিকে, নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিওঁ-দেসিনের পার্ক অলিম্পিক লিওনেতে। আর ২০২৯ সালের ফাইনাল হবে ওয়েলসের রাজধানী কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে।
৭৩ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার প্রিন্সিপালিটি স্টেডিয়ামে এর আগে ২০১৭ সালে পুরুষদের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেবার রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতেছিল।
ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নোয়েল মুনি বলেন, নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে ওয়েলসে নারী ও কিশোরীদের ফুটবলের আরও উন্নয়নের অনুঘটক হিসেবে কাজে লাগানোই তাদের লক্ষ্য।
/এনএ