শচীনকে পেরিয়ে গেলেন ব্রেন্ডন টেলর, ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রেন্ডন টেলর। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক এখন এই রোডেশিয়ান ক্রিকেটার।
টেলরের ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব এখন ২২ বছর ৪ মাস। এতদিন রেকর্ডটি ছিল শচীনের দখলে। ২০১২ সালে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৩ মাস।
তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীনের দখলেই। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে তিনিই এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক। একই সঙ্গে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৪৬৩ ম্যাচ খেলার রেকর্ডও তার।
টেলর ২০০৪ সালে জিম্বাবুয়ের ক্রিকেটে নিজের প্রতিভার জানান দেন। এরপর দেশের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন তিনি। মঙ্গলবারের ম্যাচে মাঠে নামার আগে ২০৭ ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ১১টি সেঞ্চুরি। যা জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ।
তবে টেলরের ক্যারিয়ারে এসেছে নাটকীয় বিরতিও। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান। আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও নাবিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। দেশের হয়ে আরও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতেই চাইবেন টেলর।
/এমএইচআর