×
Logo

খেলাধুলা

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়ক

বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে। রাজনীতিকে দূরে ঠেলে কারাগারের ভেতরেও একজন মানুষের চিকিৎসা, মর্যাদা আর মানবিক অধিকার নিশ্চিত হবার বার্তাই ছিল সেই চিঠিতে। মাঠে তারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু মানবিকতার প্রশ্নে আজ এক কাতারে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির ক্রিকেটের কিংবদন্তিরা। তারা হলেন— অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লার্ক, কিম হিউজেস, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ।

তাদের বক্তব্য স্পষ্ট। এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়, কূটনীতিক হিসেবেও নয়, তারা কথা বলছেন একজন সাবেক অধিনায়ক হিসেবে। আর একজন মানুষের মানবিক অধিকারের প্রশ্নে। একজন মানুষ কারাগারে থাকলে তার সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতেই এই চিঠি।

গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তিনটি দাবিও তোলা হয় সেই চিঠিতে। সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করা এবং চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা।

ইমরানের ছেলে ও বোনদের উদ্বেগের কথাও উঠে এসেছে বারবার। কারাগারে সীমিত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ সব মিলিয়ে তৈরি হয়েছে গভীর উৎকণ্ঠা।

এর আগেও একই বিষয়ে ১৪ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক চিঠি দিয়েছিলেন। কথা বলেছেন জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খান। এমনকি বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও মন্তব্য করেছেন। ইমরান খানের পাশে ডাড়িয়েছেন উইন্ডিজ কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং।

/এমএইচআর

Logo