×
Logo

খেলাধুলা

ক্যাম্প ন্যু ও আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

ক্যাম্প ন্যু ও আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত উয়েফার নির্বাহী কমিটির সভায় বিডিং প্রক্রিয়া শেষে ফাইনালের ভেন্যু দুটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২০২৮ চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। এই মাঠে এটি হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ফাইনাল। এর আগে, ২০১২ ও ২০২৫ সালে বায়ার্ন মিউনিখের এই মাঠেই ইউরোপসেরার শিরোপা নির্ধারণ হয়েছে।

অন্যদিকে, ক্যাম্প ন্যু'তে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফিরছে দীর্ঘ প্রায় তিন দশক পর। সর্বশেষ ১৯৯৯ সালে বার্সেলোনার ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার শেষে নতুন রূপ পাওয়া ক্যাম্প ন্যুতে ২০২৯ সালের ফাইনাল তাই বাড়তি আকর্ষণ তৈরি করবে।

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ইউরোপা লিগের আগামী দুই মৌসুমের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা। ২০২৮ সালের ইউরোপা লিগের ফাইনাল হবে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায়। ২০২৯ সালের ফাইনালের আয়োজক হবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়াম।

/এমএইচআর

Logo