×
Logo

খেলাধুলা

ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবির পর আরও এক দুঃসংবাদ পেলো পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। পাশাপাশি, এই ঘটনার জেরে পাকিস্তানের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এজবাস্টন টেস্টে সময়ের ছাড় হিসেব করার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বোলিং করেছিল। ডব্লুটিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। সে হিসেবে পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হয়েছে।

মাঠের আম্পায়ার পল রেইফেল আর ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার আর চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে।

এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিচের দিকে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। ১১ কেটে নেওয়ায় এই মুহূর্তে বাবরদের পয়েন্ট ৫। তাদের চেয়ে ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩০।

ডব্লুটিসির পয়েন্ট তালিকা হয় ম্যাচ ও পয়েন্টের ভাগাভাগিতে শতাংশের ভিত্তিতে (পিসিটি)। পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। শীর্ষ চারে থাকা দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার পিসিটি ৮০.০০, দক্ষিণ আফ্রিকার ৭৫, নিউজিল্যান্ডের ৭২.২২ এবং বাংলাদেশের ৫৫.৫৬।

/এএম

Logo