১ম টি-টোয়েন্টি
দিল্লিতে 'স্বাগতিক আফগানিস্তানের' মুখোমুখি ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আজ মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। রোববার (১৩ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।
ম্যাচটি ভারতের মাটিতে হলেও এই সিরিজের আনুষ্ঠানিক আয়োজক আফগানিস্তান। নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত ও দুবাইয়ের মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসা আফগানরা এবারই প্রথম ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে স্বাগতিক হিসেবে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে।
এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। সব মিলিয়ে এই সংস্করণে দুই দলের ৯ বারের সাক্ষাতে ভারতের ৮ জয়ের বিপরীতে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
এই সিরিজ দিয়ে দীর্ঘ চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাওয়া হাঁটুর চোটের কারণে তিনি ইংল্যান্ড সফরের শেষ ম্যাচ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিলেন। এছাড়া গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকা সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীও দলে ফিরেছেন।
অন্যদিকে আফগান শিবিরেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কাঁধের অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন পর্ব শেষে দলে ফিরেছেন পেসার নাভিন-উল-হক। এছাড়া গত ফেব্রুয়ারির বিশ্বকাপের পর আবারও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব।
/এমএইচআর