'অধঃপতনে' পাকিস্তানের ক্রিকেট, ক্ষুব্ধ দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
পতনের নতুন ধাপে পৌঁছে গেছে পাকিস্তানের ক্রিকেট, ক্ষুব্ধ দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা। দলের চরম বিপর্যয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াসিম আকরাম-শহীদ আফ্রিদিরা। ওয়াসিম বলছেন, পাঁচ বছর আগেই এমন পতনের পূর্বাভাস পেয়েছিলেন তিনি। শহীদ আফ্রিদি বর্তমান অবস্থাকে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে 'বিষণ্ন সময়' আখ্যা দিয়ে, খেলোয়াড়দের অসম্মানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মূলত, এজবাস্টনে ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে হারটি ছিল পাকিস্তানের শেষ ২১ ম্যাচে ১৬তম পরাজয়। যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে, যেখানে গত চক্রের মতো এবারও নবম স্থানেই শেষ করার শঙ্কা রয়েছে তাদের। শুধু টেস্টেই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও চিত্র একই রকম। গত বছর ওয়ানডে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার তিক্ত স্মৃতি এখনো তাড়া করছে দেশটির ক্রিকেট ভক্তদের।
ইংল্যান্ড সফরে ছয় ইনিংস খেলে পাঁচবারই দুইশর নিচে অলআউট হয়েছে পাকিস্তান দল। দলের এই চরম বিপর্যয়ে ক্ষুব্ধ দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম-শহীদ আফ্রিদিরা। ওয়াসিম আকরাম বলেছেন, পাঁচ বছর আগেই তিনি এমন পতনের পূর্বাভাস পেয়েছিলেন। অন্যদিকে, শহীদ আফ্রিদি বর্তমান অবস্থাকে পাকিস্তান ক্রিকেটের 'বিষণ্ণ সময়' হিসেবে অভিহিত করে দুর্বল ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের অসম্মানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
গত ৩ বছরে টেস্টে তিনজন অধিনায়ক ও ছয় প্রধান কোচের পরিবর্তন এবং পাঁচ বছরে পাঁচজন ভিন্ন পিসিবি চেয়ারম্যানের আগমন প্রমাণ করে, পরিকল্পনায় ধারাবাহিকতার অভাব রয়েছে। ত্রুটিপূর্ণ ঘরোয়া ব্যবস্থার কারণে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি না হওয়াকেই এই পতনের মূল কারণ হিসেবে দেখছেন সাবেক তারকারা।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দল থেকে অব্যাহতি পাওয়া মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে সাইবার ক্রাইমের তদন্তকারীদের সামনে দাঁড়াতে হওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। এমন সব ঘটনায় জাতীয় দলের প্রতি আগ্রহ হারাচ্ছেন সমর্থকরাও। গণমাধ্যমের খবর, ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ বাড়ছে পাকিস্তানে, দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে নতুন প্রজন্ম দ্রুত খেলাটির প্রতি আকর্ষণ হারাচ্ছে, যা পাকিস্তানের ক্রিকেটের সোনালী ঐতিহ্যকে প্রশ্নের মুখে ফেলছে।
শুধু খেলোয়াড় বা কোচ বদল করে যে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না, তা এখন স্পষ্ট। পাকিস্তান ক্রিকেটের এই দীর্ঘমেয়াদী পতন রোধে পিসিবিকে কাঠামোগত সংস্কারের পথে হাঁটতেই হবে, নতুবা বিশ্ব ক্রিকেটে নিজেদের গৌরব ধরে রাখা দেশটির জন্য আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/এমএইচআর