×
Logo

খেলাধুলা

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করলেন বাংলাদেশি নারী সাজিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করলেন বাংলাদেশি নারী সাজিয়া

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন সাজিয়া সুলতানা হ্যাপি। ফ্রান্সের নিসে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন তিনি।

মেয়েদের ৪০ থেকে ৪৪ বছর বয়স শ্রেণিতে অংশ নিয়ে ৭ ঘণ্টা ৫১ মিনিট ৭ সেকেন্ডে প্রতিযোগিতার ফিনিশিং লাইন অতিক্রম করেন সাজিয়া। তার বিব নম্বর ছিল ৫১১। বয়স শ্রেণিতে ৩৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৩৫৪তম হয়েছেন তিনি। আর নারী প্রতিযোগীদের সামগ্রিক হিসাবে ২ হাজার ৭২৫ জনের মধ্যে তার অবস্থান ১ হাজার ৭০৩তম।

আয়রনম্যান ৭০.৩ হলো ট্রায়াথলনের হাফ-ডিস্ট্যান্স সংস্করণ। এতে রয়েছে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়। তিনটি ধাপ মিলিয়ে প্রায় ১১৩ কিলোমিটারের এই কঠিন প্রতিযোগিতা সফলভাবে শেষ করেন বাংলাদেশের এই নারী ট্রায়াথলেট।

পেশাগত জীবনের ব্যস্ততা সামলে দুই সন্তানের মা সাজিয়া দীর্ঘদিন ধরে ট্রায়াথলনের জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন। নিয়মিত অনুশীলন, শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করার দীর্ঘ পথ পেরিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে জায়গা করে নেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ট্রায়াথলেটদের সঙ্গে একই প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরো কোর্স শেষ করাই সাজিয়ার এই অভিযানের সবচেয়ে বড় অর্জন। বয়স শ্রেণিতে তার অবস্থান তুলনামূলকভাবে পেছনে হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আসরে অংশ নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য সাফল্য।

সাজিয়ার এই অর্জন শুধু একটি প্রতিযোগিতা শেষ করার সাফল্য নয়; আন্তর্জাতিক ট্রায়াথলনে বাংলাদেশের উপস্থিতিরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। দীর্ঘ সময়ের কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি দেখিয়েছেন, পেশাগত ও পারিবারিক দায়িত্বের পাশাপাশি কঠিন ক্রীড়া চ্যালেঞ্জও মোকাবিলা করা সম্ভব।

আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাজিয়ার এই অংশগ্রহণ ও সফলভাবে রেস শেষ করা বাংলাদেশের ট্রায়াথলনের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। তার এই সাফল্য ভবিষ্যতে দেশের আরও ক্রীড়াবিদকে আন্তর্জাতিক পর্যায়ে এমন প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রাণিত করবে— এমন প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

/এনএ 

Logo