×
Logo

খেলাধুলা

স্পেনে দ্বিতীয় ক্লাব কিনেছেন লিওনেল মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

স্পেনে দ্বিতীয় ক্লাব কিনেছেন লিওনেল মেসি

বার্সেলোনার হয়ে সোনালী অধ্যায় পার করে স্প্যানিশ ফুটবল ছাড়লেও দেশটির ফুটবল অঙ্গনের সঙ্গে বন্ধন আরও পোক্ত করছেন লিওনেল মেসি। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের (লা লিগা হাইপারমোশন) ক্লাব সিডি এলদেনসে কেনার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লাবটির মালিকানা হস্তান্তরের বিষয়ে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছেছেন মেসি। তবে চুক্তিটি এখনও চূড়ান্ত রূপ পায়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে ক্লাবটির অভ্যন্তরীণ আর্থিক অডিট, যাবতীয় আইনি নিরীক্ষা এবং স্পেনের সরকারি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে। 

অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ফুটবল ক্লাব। এর আগে চলতি বছর তিনি দেশটির পঞ্চম বিভাগের আধা-পেশাদার দল ‘ইউসি কর্নেয়া’ কিনে নেন। কর্নেয়া আধা-পেশাদার স্তরের হওয়ায় এলদেনসেই হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবলে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব।

এছাড়াও উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানায় ইন্টার মায়ামির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথ অংশীদারত্ব রয়েছে তার।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসের বর্তমান মালিকানা রয়েছে কলম্বিয়াভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘গ্রুপো টিএইচ’-এর হাতে। ১৯৪৬ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে ওঠে ক্লাবটি। যদিও দুই বছর পর অবনমনের শিকার হয়েছিল, তবে চলতি মৌসুমে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে তারা।

বর্তমানে মাঠের ফুটবলে বড় ধরনের সংকটের মুখে রয়েছে এলদেনসে। পাঁচ হাজার ৭৭৬ আসনবিশিষ্ট ‘নুয়েভো পেপিকো আমাত’ স্টেডিয়ামের দলটির শুরুটা হয়েছে জয়হীন। চলতি মৌসুমে প্রথম চার ম্যাচে জয় না পাওয়ায় প্রধান কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ, ফলে বর্তমানে কোচবিহীন অবস্থাতেই দিন পার করছে দলটি।

আইনি দিক থেকে স্পেনের ফুটবলে আপাতত মেসির একাধিক ক্লাব নিয়ে তাৎক্ষণিক কোনো জটিলতার শঙ্কা নেই। কারণ তার অপর ক্লাব কর্নেয়া খেলছে পঞ্চম বিভাগে এবং এলদেনসে দ্বিতীয় বিভাগে—যেখানে দুই ক্লাবের স্তরের ব্যবধান তিন ধাপ। তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কঠোর নীতি অনুযায়ী, ভবিষ্যতে কোনো একপর্যায়ে যদি দুটি দলই একই বিভাগে উন্নীত হয়, তখন মালিকানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে।

/এএ 

Logo