জুনিয়র এশিয়া কাপ হকি
হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
চীনে জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে ৬-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এতে টানা চার জয়ে চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।
ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন দলের অধিনায়ক শারিকা রিমন। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার গোলে দ্বিগুণ হয় ব্যবধান। ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। দুই মিনিট পর আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের জালে আরেকবার বল জড়ান মোসাম্মত লিমা। ম্যাচসেরা হন কনা আক্তার।
আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান। ঐ ম্যাচ জিতলে সেমিফাইনাল ও অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে টাইগ্রেসরা।
/এএম