এক যুগ পর নতুন পরিচয়ে ইংলিশ ড্রেসিংরুমে ফিরছেন পিটারসেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসসেন। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, সাদা বলের দলের স্পেশালিস্ট মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।
আগামী সপ্তাহ থেকেই ইংল্যান্ডের সীমিত ওভারের দলের সঙ্গে যোগ দিবেন ৪৬ বছর বয়সী পিটারসেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফে আগামী এক বছরের জন্য থাকবেন তিনি।
মূলত, ২০১৪ সালে দলের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছিল পিটারসেনকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে পিটারসেনের অভিজ্ঞতা ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে বড় ভূমিকা রাখবে বলেই আশা করছে দলটি।
চলতি মাসে শ্রীলঙ্কা সফর দিয়ে পিটারসেনের অধ্যায় শুরু হবে। এরপর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফরেও থাকবেন তিনি। সঙ্গে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও কাজ করবেন পিটারসেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পিটারসেন। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে অবশ্য মেন্টরের ভূমিকাও পালন করেছেন ৪৬ বছর বয়সী সাবেক ব্যাটার।
/এমএইচআর