×
Logo

খেলাধুলা

পাকিস্তান দলে রদবদলের পেছনে পিসিবির ‘আসল পরিকল্পনা’ জানালেন শোয়েব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

পাকিস্তান দলে রদবদলের পেছনে পিসিবির ‘আসল পরিকল্পনা’ জানালেন শোয়েব

পাকিস্তান দল নিয়ে সবসময়ই নিজের মতামত স্পষ্টভাবে জানিয়ে আসছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে 'মেন ইন গ্রিন'রা যখন আরও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেওয়া কিছু সিদ্ধান্তের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক এই স্পিডস্টার।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে ১৯৪ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের টেস্ট দল ও টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আনে পিসিবি। তৃতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাত ক্রিকেটারকে। তাদের জায়গায় দলে নেওয়া হয় আরও সাতজনকে, যাদের মধ্যে পাঁচজনেরই এখনও টেস্ট অভিষেক হয়নি।

শুধু খেলোয়াড় পরিবর্তনেই থামেনি বোর্ড। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও বরখাস্ত  করার সিদ্ধান্ত নেয় পিসিবি। তাদের জায়গায় সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়।

পিসিবির এমন আকস্মিক সিদ্ধান্তকে অনেকেই নেতিবাচকভাবে নিলেও শোয়েব আখতারের মতে, এই পরিবর্তনের মধ্য দিয়ে ইতোমধ্যে নতুন প্রজন্মের দল গঠনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে পিসিবি।

‘আউটসাইড এজ’ অনুষ্ঠানে কথা বলার সময় শোয়েব বলেন, পিসিবি নিজেই এই খেলোয়াড়দের ওপর চরম হতাশ ছিল এবং এই পাকিস্তান দল থেকে তারা আর কিছুই প্রত্যাশা করে না। তাদের পরিকল্পনা হলো, এই দলকে সরিয়ে তাদের জায়গায় তরুণ, নতুন খেলোয়াড় আনা; এমন খেলোয়াড়, যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং সঠিক পথেই কাজ করছে।

তবে পরিবর্তনের এই প্রক্রিয়ায় পাকিস্তানের তিন পেসারের ক্যারিয়ার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে এই স্পিডস্টার বলেন– এই পরিবর্তনের সময়ে আমি শুধু চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ারকে সুরক্ষিত করা হোক। এই খেলোয়াড়দের এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে।

আশ্চর্যজনকভাবে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর সুনজরে নেই এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে দলের নেতৃত্ব দেওয়া বাবর আজম। তবে বাবর আজম যেহেতু আখতারের গুডবুকে নেই, বার্মিংহামে অনুষ্ঠিতব্য শেষ টেস্টে তাকে হয়তো ব্যাপক চাপের মধ্য দিয়েই যেতে হবে।

উল্লেখ্য, ডান হাতের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। দ্বিতীয় টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি।

‘আউটসাইড এজ’-এর কাছে শোয়েব দাবি করেন, তিনি পিসিবির একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এই দলের কাছে বোর্ডের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছিলেন। শোয়েবের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তা পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থাকে ‘ভেন্টিলেটরে’ থাকার সঙ্গে তুলনা করেছেন। তার ধারণা, জাতীয় দলকে আবার ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

/এএম 

Logo