স্পেনের পাড়ার ক্লাব থেকে প্রিমিয়ার লিগের তিন মাস্টারমাইন্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
বর্তমান বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফুটবল প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগ। আর সেই লিগের শীর্ষ পরাশক্তিদের ডাগআউটে এখন দাঁড়িয়ে রয়েছেন তিন মাস্টারমাইন্ড—মিকেল আর্তেতা, জাবি আলোনসো এবং আন্দোনি ইরাওলা।
কোটি কোটি পাউন্ডের এই আলোর ঝলকানির পেছনের গল্পটি কিন্তু কোনো রাজকীয় একাডেমির নয়। এই তিন মাস্টারের ফুটবল দীক্ষার সূচনা হয়েছিল স্পেনের বাস্ক অঞ্চলের সান সেবাস্তিয়ানের একটি সাধারণ পাড়ার দল ‘আন্তিগুওকো কিরোল এলকার্তেয়া’-এর ধূসর পাথুরে ও কংক্রিটের মাঠে, যখন তাদের বয়স ছিল মাত্র আট বছর।

১৯৮১ সালের শেষ থেকে ১৯৮২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে জন্ম নেওয়া আলোনসো, আর্তেতা ও ইরাওলা একই বয়সভিত্তিক ক্যাটাগরিতে এক জার্সিতে খেলতেন সান সেবাস্তিয়ানের বেরিও মাঠটিতে। সীমিত বাজেট ও সাধারণ সুযোগ-সুবিধার সেই ক্লাবটিই আজ বিশ্ব ফুটবলকে উপহার দিয়েছে এক ঐতিহাসিক প্রজন্ম। আর্সেনালকে লিগ শিরোপা জিতিয়ে আর্তেতা যখন উত্তর লন্ডনে রাজত্ব করছেন, তখন আলোনসো চেলসির হটসিটে এবং ইরাওলা দায়িত্ব সামলাচ্ছেন আরেক পরাশক্তি লিভারপুলের।
আন্তিগুওকোর ভাইস প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর রবার্তো মন্তিয়েল সেই সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করে বলেন, আমরা স্রেফ পাড়ার একটি স্থানীয় ক্লাব। সৌভাগ্যবশত আমরা এমন এক প্রজন্ম পেয়েছিলাম যা ফুটবল ইতিহাসে বিরল। তখনকার দিনে খেলোয়াড়রা পাথুরে মাঠে খেলত। আর্তেতা শৈশব থেকেই দলের নেতা ছিলেন, আলোনসো শান্ত থাকলেও মাঠের ভেতরে দুর্দান্ত প্লেমেকার ছিলেন, আর ইরাওলা ছিলেন অন্তর্মুখী কিন্তু সহজাত ফুটবলের মৌলিক দক্ষতায় অসাধারণ এক প্রতিভা।
১৯৮২ সালে স্পেনে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে প্রতিষ্ঠিত এই ক্লাবটির ইতিহাস রূপকথার চেয়ে কম নয়। কেবল এই ত্রয়ীই নন, স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার আরিতস আদুরিসও এই ক্লাবটির সাবেক শিক্ষার্থী।

আন্তিগুওকো থেকে উঠে আসা ৪০ জনেরও বেশি ফুটবলার পরবর্তীতে ইউরোপের শীর্ষ স্তরের ফুটবলে খেলেছেন। ক্লাবটির সোনালী অধ্যায়ের অন্যতম বড় মাইলফলক ছিল ১৯৯৯ সালে আলোনসো ও ইরাওলাকে দলে নিয়ে ইকের কাসিয়াসের তরুণ রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করা। এছাড়া যুব কোপা দেল রে-তে লা লিগার নিয়মিত পরাশক্তি ভ্যালেন্সিয়া ও সেল্টা ভিগোর মতো ক্লাবকে বিদায় করার নজিরও রয়েছে তাদের।
প্রিমিয়ার লিগে কেন বাস্ক অঞ্চলের কোচদের এত আধিপত্য—এমন প্রশ্নের জবাবে আর্তেতা একবার বলেছিলেন, সান সেবাস্তিয়ানে একবার গিয়ে ঘুরে আসুন, তবেই উত্তর পেয়ে যাবেন। এটি এখানকার মানুষের একাগ্রতা, খাদ্যাভ্যাস এবং আমাদের দেওয়া শিক্ষার ফল।
সান সেবাস্তিয়ানের ঘিপুকোয়া অঞ্চলের মাত্র সাত লাখের মতো জনসংখ্যার মধ্যে রয়েছে এক তীব্র প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি ও গভীর আত্মমর্যাদাবোধ। সেই সংস্কৃতির বীজ বুকে ধারণ করেই শৈশবের আন্তিগুওকো থেকে বার্সেলোনা, রিয়াল সোসিয়েদাদ কিংবা অ্যাথলেটিক বিলবাও হয়ে আজ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল নিয়ন্ত্রণ করছেন আর্তেতা, আলোনসো ও ইরাওলা।
/এএ