×
Logo

খেলাধুলা

৭ বছর পর ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

৭ বছর পর ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ

সবশেষ ২০১৯ সালে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের মাটিতে সেই সিরিজে টাইগারদের সঙ্গী ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ফাইনালে ক্যারিবীয়দের হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করেছিলো বাংলাদেশ। এরপর প্রায় ৭ বছরে আর এই সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলা হয়নি টাইগারদের।

তবে দীর্ঘ সময় পর আবারও ত্রিদেশীয় সিরিজ জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে। আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজ আয়োজন করেছে আফগানিস্তান।আফগানদের বিপক্ষে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আমিরাতে যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে ওয়ানডে সিরিজের বদলে জিম্বাবুয়েকে নিয়ে একটি তিন জাতি সিরিজ খেলার পরিকল্পনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাতে সায় দেয় বাকি দুই দল।

বিসিবি সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর শুরু হবে এই সিরিজ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে ৯ থেকে ১৪ অক্টোবর আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটি শেষে এই সিরিজকে সামনে রেখে মাঠে ফিরছে টাইগার ক্রিকেটাররা। ১০ সেপ্টেম্বর থেকে হোম অব ক্রিকেটে শুরু হবার কথা ফিটনেস ও স্কিল ক্যাম্প। প্রথমে ফিটনেস ও পরে স্কিল ট্রেনিং দিয়ে শুরু হবে আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি।

সবশেষ ২০১৯ সালে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। যদিও সেবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে যাওয়া ট্রফি ভাগাভাগি করেছিল আফগানিস্তান ও বাংলাদেশ। এবার ভিন্ন সংস্করণে শুরু হতে যাচ্ছে এই তিন দলের লড়াই।

/এমএইচআর

Logo