লর্ডস টেস্ট
৮ মাস আগেই শুরু হলো বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
হোম অব ক্রিকেট খ্যাত ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এফটিপি অনুযায়ী এই মাঠে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট শুরু হতে এখনও বাকি ৮ মাসেরও বেশি সময়। তবে এরইমধ্যে ম্যাচটির টিকিট পেতে আবেদন করার সুযোগ চালু করেছে আয়োজক ভেন্যু তথা লর্ডস কর্তৃপক্ষ।
আগামী বছরের ২৮ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি চলবে ১ জুন পর্যন্ত।
মূলত, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য সাধারণ দর্শকদের ব্যালট আবেদন ইতোমধ্যে উন্মুক্ত করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে।
আগামী নভেম্বরের শুরুতে প্রথম ধাপে সফল আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর তারা ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন। আর সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ১০ ডিসেম্বর।
ইংলিশদের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ খুব বেশি পায় না বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট খেলতে বাংলাদেশ গিয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে, আর ঐতিহাসিক লর্ডসে খেলতে নামবে বাংলাদেশ দল।
অবশ্য বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লর্ডসের সঙ্গে রয়েছে বিশেষ কিছু স্মৃতি। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তাঁর সেই শতকের পর উদযাপনের দৃশ্য এখনও বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
দু'দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা।
/এমএইচআর