এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব
সিরিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ের পরও মূল পর্বের আশা এখনও টিকে আছে লাল-সবুজ প্রতিনিধিদের। সেজন্য শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অনেক যদি-কিন্তুর দিকে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উজবেকিস্তারের ফ্রেন্ডশিপ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
এদিন ম্যাচের শুরু থেকেই একাধিক চেষ্টা চালালেও গোল পেতে ব্যর্থ হচ্ছিলো দুদলই। তবে প্রথমার্ধের শেষ মুহুর্তে সিরিয়ার হঠাৎ আক্রমনে গোল হজম করে বসে বাংলাদেশ। তবে এখানেই থামেনি সিরিয়া। বাংলাদেশের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের যোগ করা ১ মিনিটের মাঝেই দ্বিতীয়বার বল জালে জড়ায় সিরিয়া। ২-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সিরিয়ার আক্রমণ প্রতিরোধ করে লাল সবুজের যুবারা। ৮৮ মিনিট পর্যন্ত বাড়েনি ব্যবধান। তবে এরপরই আরও এক গোল হজম করে বাংলাদেশ। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুবারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরে শুরু করেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৬ সেপ্টেম্বর একই মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মোকাবিলা করবে যুবারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
/এমএইচআর