বিপিএল নিয়ে তামিম
বাতিল নয়, পিছিয়ে দিয়ে ‘নিট অ্যান্ড ক্লিন’ টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করা হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
বিপিএল বাতিল নয়, বরং পিছিয়ে দিয়ে একটি ‘নিট অ্যান্ড ক্লিন’ টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তামিম বলেন, বিপিএলকে আরও গোছানো ও কার্যকর করতে একটি স্থায়ী ফ্রেমওয়ার্ক তৈরি করা প্রয়োজন। পাশাপাশি টুর্নামেন্টের রেভিনিউ মডেলও ঠিক করতে হবে। গত দুই-তিন বছরে বিপিএলে কী হয়েছে, তা তিনি দেখেছেন বলেও জানান বিসিবি সভাপতি।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কে কী ভাবছে, সেটি বিবেচনায় না নিয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নির্বাচন নিয়েও নিজের আগের অবস্থানের কথা তুলে ধরে তামিম বলেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট একজনকে তিনি দুটি ফ্র্যাঞ্চাইজিকে দল না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে রাজশাহীর নামও উল্লেখ করেন তিনি।
এদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে বলে জানান তামিম। বিসিবি ক্রিকেটারদের জন্য যেসব উদ্যোগ নিতে চাচ্ছে, তাতে কোয়াবও খুশি বলে দাবি করেন তিনি।
তামিম বলেন, অনেকদিন ধরেই শুনছি, কোয়াব কেন বিসিবির বিরুদ্ধে বলছে না, এটা করছে না, সেটা করছে না। আসলে বিসিবি সেই সুযোগই দিচ্ছে না। এই বোর্ড ক্রিকেটারদের সার্ভ করতে এসেছে। আমাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক ভালো থাকারই কথা।
দেশীয় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর তথ্যও জানান বিসিবি সভাপতি। পুরুষদের চার দিনের ম্যাচে দেড় লাখ, ওয়ানডেতে এক লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা করা হয়েছে। নারী ক্রিকেটারদের জন্য চার দিনের ম্যাচে ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তামিমের দাবি, একজন দেশীয় ক্রিকেটার পুরো মৌসুমে এখন ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। ফলে ক্রিকেটারদের পরিবার চালাতে আগের মতো কষ্ট হবে না।
তিনি বলেন, ‘প্লেয়ারদের বলেছি, তাদের ডিমান্ড আমরা ফুলফিল করব, তারাও যেন আমাদের ডিমান্ড ফুলফিল করে।’ পাশাপাশি ক্রিকেটারদের পেশাদারিত্ব বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া আম্পায়ার, কোচ ও ফিজিওদের কাজ পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে তামিম বলেন, তাদের বেতনও বাড়ানো হবে।
বিপিএলের পাশাপাশি একাডেমি মাঠে ১১০ মিটারের একটি অ্যাথলেটিক ট্র্যাক তৈরির পরিকল্পনার কথাও জানান বিসিবি সভাপতি।
/এনএ