আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসির বিদায়ের পর এবার আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য লিয়ান্দ্রো পারেদেস। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন ৩২ বছর বয়সি এই মিডফিল্ডার।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন পারেদেস। মেসির অবসর, নিজের ওপর ফিফার নিষেধাজ্ঞা এবং জাতীয় দলের সাম্প্রতিক পরিস্থিতি— এই সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হবে। সবকিছু মিলিয়েই বিষয়টি বেশ কঠিন। আমি আগেও যা বলেছি—নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত… সবকিছু। পরিস্থিতি আগের মতো থাকবে কি না, জানি না। কোচের সঙ্গে এখনও কথা হয়নি। কথা বলব, এরপর কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখব।’
লিওর বিদায় মেনে নেওয়াও তার জন্য সহজ নয় বলে জানান পারেদেস। আর্জেন্টাইন অধিনায়কের রেখে যাওয়া উত্তরাধিকারকে স্মরণ করে তিনি বলেন, ‘তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থাকবে। কখনও হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করে দেখানো—এটাই তার রেখে যাওয়া শিক্ষা।’
আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আর দেখা যাবে কি না, এমন প্রশ্নেও আক্ষেপ প্রকাশ করেন পারেদেস। তিনি বলেন, ‘আমরা সব সময় তার সঙ্গে খেলতে চাই, তাকে পাশে চাই। কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমরা চাইনি।’
ফিফা বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেন পারেদেস। তার দাবি, সেবারই মেসি ইঙ্গিত দিয়েছিলেন যে বিশ্বকাপের ফাইনালই হতে পারে তার শেষ ম্যাচ।
পারেদেস বলেন, ‘আমরা বিশ্বকাপের শেষ দিকে কথা বলেছিলাম। ফাইনালটাই হয়তো তার শেষ ম্যাচ হতে পারে—এমন কথা হয়েছিল। কিন্তু তারপরও আমরা প্রস্তুত ছিলাম না। কারণ আমাদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই।’
এই আর্জেন্টাইনের জাতীয় দল ছাড়ার ভাবনার পেছনে বড় কারণ হয়ে উঠতে পারে ফিফার নিষেধাজ্ঞাও। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।
/এমএইচআর