কাউন্টিতে হাসান মাহমুদের সতীর্থ হলেন খালেদ আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টে সতীর্থ হিসেবে যোগ দিয়েছেন দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কেন্ট ক্রিকেট কর্তৃপক্ষ জানান সেপ্টেম্বরের ‘রথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপ’-এর শেষ পর্বের চার ম্যাচের জন্য আন্তর্জাতিক পেসার খালেদ আহমেদকে দলে নিয়েছে তারা।
বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৮টি টেস্ট খেলা ৩১ বছর বয়সী খালেদ আহমেদ প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ। ২০১৫ সালে সিলেটের হয়ে অভিষেকের পর ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ১৯০টি উইকেট।
ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত খালেদ জানান, কেন্টের মতো সমৃদ্ধ ইতিহাসের একটি ক্লাবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমাদের মৌসুমের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং দলকে ডিভিশন ওয়ানে প্রমোশন পেতে সহায়তা করাই আমার প্রধান লক্ষ্য। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। হাসান এবং আমার এজেন্ট ক্লাবটির পারিবারিক পরিবেশ নিয়ে অনেক ভালো কথা বলেছে।
এর আগে চলতি মাসের শুরুতে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল কেন্ট। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের পরিকল্পনায় রেখে দেয়ায় বিকল্প হিসেবে খালেদকে লুফে নেয় ক্লাবটি।
হাসানের পর খালেদকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। তিনি বলেন, মৌসুমের শেষভাগে দলের বোলিং বিভাগকে তাৎক্ষণিকভাবে শক্তিশালী করতে এবং পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সুযোগ পেতেই খালেদকে নেওয়া হয়েছে। গ্রীষ্মের শুরুতে হাসান আসার পর থেকে প্রচুর বাংলাদেশি সমর্থক কেন্টকে অনুসরণ করছেন; খালেদের উপস্থিতিতে সেই উন্মাদনা আরও বাড়বে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে টেবিলের শীর্ষে থাকা ডারহামের ঠিক পরেই অবস্থান করছে কেন্ট। বুধবার কেন্টারবারিতে ওরচেস্টারশায়ারের মুখোমুখি হবে দলটি।
/এএ