দুই হাতেই স্পিনের চমক বিজয় যাদবের, লক্ষ্য আইপিএল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ক্রিকেট মাঠে যেকোনো এক হাতে স্পিন বোলিং করাই যথেষ্ট কঠিন ও কৌশলী কাজ। তবে ভারতের উত্তর প্রদেশের ২৪ বছর বয়সী তরুণ অলরাউন্ডার বিজয় যাদব বল হাতে নামলেই তৈরি হয় এক অনন্য বিস্ময় তিনি অনায়াসে করতে পারেন ডানহাত ও বাঁ-হাত উভয় প্রান্তেই ঘূর্ণি স্পিন। বিরল এই দক্ষতার কল্যাণে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে আলো ছড়িয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।
উত্তর প্রদেশের গোরক্ষপুরের সন্তান বিজয়ের বাবা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবং মা গৃহিণী। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয় দেখে ক্রিকেটের প্রতি তার তীব্র অনুরাগ জন্মায় এবং ২০১২ সাল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলা শুরু করেন। উত্তর প্রদেশ রাজ্য দলের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করার পর তিনি ইউপি টি-টোয়েন্টি লিগে সুযোগ পান। প্রথম দুই মৌসুম গোরক্ষপুর লায়ন্সে খেলার পর ২০২৬ আসরের আগে বর্তমান চ্যাম্পিয়ন কাশী রুদ্রাস তাকে ৫ লাখ ২০ হাজার রুপিতে দলে নেয়।
বিজয় যাদব মূলত একজন ডানহাতি অফস্পিনার হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তবে ডানহাতি ব্যাটারদের বাড়তি চাপে ফেলতে ও দ্বিধায় ফেলতে তিনি কঠোর পরিশ্রমে বাঁহাতি স্পিন বোলিংকেও নিজের অন্যতম প্রধান অস্ত্রে পরিণত করেন। বোলিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে একজন আগ্রাসী ডানহাতি হিটার হিসেবেও তিনি কার্যকর ভূমিকা রাখেন।
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা মানেন বিজয়। কোহলির মাঠে ডেডিকেশন ও লড়াকু মানসিকতা তাকে প্রতিনিয়ত উজ্জীবিত করে। এছাড়া টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার পর তারকা ব্যাটার রিঙ্কু সিংও তার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার অন্যতম প্রধান লক্ষ্য হলো আগামী এক থেকে দুই বছরের মধ্যে আইপিএলে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যেই বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আমি নিয়মিত কঠোর অনুশীলন করে যাচ্ছি। ইউপি টি-টোয়েন্টি লিগকে নিজের ক্যারিয়ারের সিঁড়ি বানিয়ে ক্রিকেটের শীর্ষ আঙিনায় জায়গা করে নিতে আত্মবিশ্বাসী এই দ্বিমুখী স্পিন বিস্ময়।
/এএ