টেস্ট ক্রিকেট
চার দশক পর বিব্রতকর রেকর্ডের সামনে পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম
হেডিংলি থেকে লর্ডস— ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরেছে পাকিস্তান। এই পরাজয় কেবল সিরিজেই পিছিয়ে দেয়নি বাবর আজমদের, বদলে দিয়েছে টেস্ট ইতিহাসের একটি পরিসংখ্যানও।
এখন পর্যন্ত ৪৭৩টি টেস্ট খেলেছে পাকিস্তান, জয় ১৫৩টি ও হার ১৫৪। ড্র হয়েছে বাকি ১৬৬ ম্যাচ। অর্থাৎ, ৩৯ বছর পর টেস্টে জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি হয়েছে দেশটির। সবশেষ এমনটা হয়েছিল ১৯৮৭ সালে। সে সময় ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর পাকিস্তানের জয় ছিল ৩৯টি আর হার ৪০টি। এরপর দীর্ঘ সময় ধরে জয়ের পাল্লাই ভারী ছিল তাদের। তবে সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমদের।
তবে এই পরিসংখ্যানে পাকিস্তান একা নয়। একই অবস্থায় আছে টেস্ট ক্রিকেটের আরেক পরাশক্তি ভারত। ৬০১ টেস্টে ভারতের জয় ১৮৭টি, হার ১৮৮। অর্থাৎ হার-জিতের সমীকরণে এক ম্যাচের ব্যবধানে পিছিয়ে মেন ইন ব্লুজ। তবে টেস্টের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ৮৮৪ টেস্টে অজিদের জয় ৪২৭, হার মাত্র ২৩৬। ৪৮.৪১ শতাংশ জয়ে সবার ওপরে অজিরা।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পর সবচেয়ে বেশি জয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বেশি ১ হাজার ৯৯টি টেস্ট খেলে ইংলিশদের জয় ৪০৭টি, হার ৩৩৬। আর দক্ষিণ আফ্রিকার ১৯১ জয়ের পাশাপাশি হার ১৬২টিতে।
অন্যদিকে, বাংলাদেশের অবস্থাটা আরও কঠিন। ১৬১ টেস্টে জয় মাত্র ২৮টি, হার ১১৪। জয়ের হার ১৭ দশমিক ৩৯ শতাংশ। টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে জয়ের হারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। টাইগারদের চেয়েও নিচে জিম্বাবুয়ে। ১৩০ টেস্টে তাদের জয় ১৬টি, হার ৮৪। জয়ের হার মাত্র ১২ দশমিক ৩০ শতাংশ। টেস্ট ক্রিকেটে এখনো ২০ শতাংশের নিচে জয়ের হার নিয়ে আছে শুধুমাত্র বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
তবে টেস্ট পরিবারের নবীন দুই সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ডের পরিসংখ্যান তুলনামূলকভাবে আশাব্যঞ্জক। আফগানিস্তান ১৩ টেস্ট খেলে জিতেছে ৪টিতে; জয়ের হার ৩০ দশমিক ৭৬ শতাংশ। আর সমান সংখ্যক টেস্ট খেলে আয়ারল্যান্ডের জয় ৩টি, জয়ের হার ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ।
/এমএইচআর