×
Logo

খেলাধুলা

লা লিগা

বড় জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

বড় জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মালাগা'কে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লস ব্ল্যাঙ্কোসরা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন বেলিংহাম, এমবাপ্পে ও গুলার। একটি গোল হয় আত্মঘাতী।

রোববার (৩০ আগস্ট) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু'তে মালাগাকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচ শুরুর আগে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ১৯তম মিনিটে জুড বেলিংহামের সফল লক্ষ্যভেদে লিড নেয় রিয়াল।

প্রথম গোলের চার মিনিট পর গোলরক্ষক আলফনসো এরেরো'র আত্মঘাতী গোল মালাগাকে ঠেলে দেয় ব্যাকফুটে। ৩০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও মালাগার আক্রমণ আটকে যায় রিয়ালের ডিফেন্সে। ইনজুরি টাইমে আরদা গুলারের ফিনিশিংয়ে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় লস ব্ল্যাঙ্কোসদের।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের।

/এমএইচআর

Logo